নতুন আবিস্কার এবং নিরলস বিজ্ঞান গবেষণার মাধ্যমে মানব কল্যাণ ও দেশের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করার প্রতি আহ্বান জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। মঙ্গলবার বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাভারের পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠান (এইআরই) পরিদর্শনকালে বিজ্ঞানী, কর্মকর্তা এবং কর্মচারীদের সাথে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
মন্ত্রী এইআরই-এর বিভিন্ন ইন্সটিটিউট ও ল্যাবরেটরির চলমান গবেষণা ও উন্নয়ন কর্মকাণ্ড সরেজমিনে পরিদর্শন করেন এবং চলমান গবেষণার ফলাফল দ্রুত সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়ার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শন শেষে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান মাহবুবুল হক এর সভাপতিত্বে পরমাণু বিজ্ঞান ও প্রযুক্তি ইন্সটিটিউট (আইএনএসটি) এর অডিটোরিয়ামে বিজ্ঞানীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান আরও বলেন- বর্তমান সরকার আপনাদের প্রয়োজনীয় সকল সুযোগ সুবিধা বৃদ্ধি করেছে। এখন সময় এসেছে সরকার তথা জনগণকে এর প্রতিদান ফিরিয়ে দেয়ার। এজন্য যুগোপযোগী, আধুনিক ও টেকসই নতুন গবেষণা প্রকল্প গ্রহণ করুন। এর ফলাফল খুব দ্রুত সময়ে মানব কল্যাণে ব্যবহার উপযোগী করে গড়ে তুলতে গভীর মনোযোগ ও আন্তরিকতার সাথে বিজ্ঞানীদের কাজ করার আহবান জানান মন্ত্রী।
স্থপতি ইয়াফেস ওসমান এইআরইতে বিরাজমান সকল সমস্যা সমাধানের আশ্বাস দেন এবং বিজ্ঞানীদের নিরলসভাবে গবেষণা কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার অনুরোধ জানান। মন্ত্রী বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন প্রকল্প বাপশকের (বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন) জন্য আশীর্বাদ হয়ে এসেছে। সুতরাং এই প্রকল্পটি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। বর্তমান সরকার বিজ্ঞান চর্চা ও এর উন্নয়নকে আন্তরিকভাবে সহযোগিতা করে। সুতরাং এই সুযোগ কাজে লাগিয়ে বিজ্ঞানীরা নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করবে এবং সেগুলি দেশবাসীর সামগ্রিক কল্যাণে ব্যবহৃত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।








