কক্সবাজারের টেকনাফে বিজিবির সাথে কথিত বন্দুকযুদ্ধে এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এ ঘটনায় বিজিবির ৩ সদস্য আহত হয়েছে।
এসময় ঘটনাস্থল থেকে ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়েছে।
রোববার ভোরে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা সংলগ্ন নাফ নদীর শেকলঘেরা এলাকায় বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সল হাসান খান চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মোহাম্মদ আইয়াছ (২৫) উখিয়ার কুুতুপালং ২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-৪ ব্লকের বাসিন্দা।
লে. কর্নেল ফয়সল বলেন: রোববার ভোরে টেকনাফের নাফ নদীর জাদিমুরা পয়েন্টের শেকলঘেরা এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান আসার খবরে বিজিবির একটি দল অবস্থান নেয়। এক পর্যায়ে মিয়ানমারের লালদ্বীপ থেকে একটি নৌকাযোগে কয়েকজন লোককে নাফ নদী অতিক্রম কূলের দিকে আসতে দেখে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেয়। এতে নৌকায় থাকা লোকজন বিজিবির সদস্যদের লক্ষ্য করে অতর্কিত গুলি ছুড়তে থাকে। বিজিবির সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে। এতে নৌকায় থাকা ৩ জন ঝাপ দিয়ে শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।
‘পরে গোলাগুলি থেমে গেলে নৌকায় একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। নৌকাটি তল্লাশি করে পাওয়া যায় ২ লাখ ২০ হাজার ইয়াবা, ১ টি দেশিয় তৈরী বন্দুক, ১ টি গুলি ও ১ টি গুলির খালি খোসা। ঘটনায় বিজিবির ৩ সদস্য আহত হয়েছে।’
বিজিবির এই কর্মকর্তা বলেন: আহত ব্যক্তিকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপালে পাঠান। সেখানে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে।






