প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, আমি এখন বুক ফুলিয়ে বলতে পারি বর্তমানে বিচার বিভাগের প্রতি দেশের মানুষের আস্থা অনেক বেড়েছে। এছাড়া চৌকি আদালত থেকে শুরু করে উচ্চ আদালত পর্যন্ত ন্যায় বিচার প্রাপ্তিতে মানুষ আস্থা পাচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি।
সুপ্রিম কোর্টের বিচারকদের অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের হাতে ন্যস্ত করে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের ৬ষ্ঠ দিনের শুনানিতে প্রধান বিচারপতি এসব কথা বলেন।
অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমি গর্ব করে বলতে পারি দেশের যেকোন প্রতিষ্ঠানের চেয়ে বিচার বিভাগ বর্তমানে ১০০ গুন বেটার অবস্থানে রয়েছে। চৌকি আদালত থেকে উচ্চ আদালত পর্যন্ত ন্যায় বিচার প্রাপ্তিতে মানুষ আস্থা পাচ্ছে।
২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে নিতে সংবিধানের ষোড়শ সংশোধনী পাস হয়। ওই বছরের ২২ সেপ্টেম্বর তা গেজেট আকারে প্রকাশ করা হয়। পরে সংবিধানের এই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে একই বছরের ৫ নভেম্বর সুপ্রিম কোর্টের নয়জন আইনজীবী হাইকোর্টে একটি রিট করেন।
ওই রিটের চূড়ান্ত শুনানি শেষে ২০১৬ সালের ৫ মে হাইকোর্টের তিন বিচারপতির সমন্বয়ে গঠিত বিশেষ বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় দেন। হাইকোর্টের দেয়া ওই রায়ের বিরুদ্ধে ২০১৬ সালের ২৮ নভেম্বর আপিল করে রাষ্ট্রপক্ষ।









