বিচারক হিসেবে আসিনি, গান শুনতে এসেছি। কারণ এই বাংলার সঙ্গে আমার প্রাণের সম্পর্ক। উনিশের উচ্ছ্বাসে চ্যানেল আই প্রাঙ্গণে এসে শুভেচ্ছা বিনিময়ের সময় এভাবেই বাংলাদেশে আসার কথা জানান জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী এবং ভারতের গজলসম্রাজ্ঞী মিতালী মূখার্জি।
চ্যানেল আইয়ের অন্যতম গানের রিয়েলিটি শো ‘সেরা কণ্ঠ’র সিজন সিক্সের প্রধান বিচারক হিসেবে গেল মাসে বাংলাদেশে এসেছেন মিতালী মূখার্জি। সেই সুবাধে এখনো তিনি ঢাকাতেই অবস্থান করছেন। রোববার বিকালে চ্যানেল আইকে শুভেচ্ছা জানাতে ছুটে আসেন চ্যানেল আইয়ের প্রধান কার্যালয়ে।
চ্যানেল আইকে শুভেচ্ছা জানিয়ে মিতালী মূখার্জি জানান, চ্যানেল আইয়ের সঙ্গে আমার যে ঋদ্ধতা তৈরি হয়েছে তাতে মনেই হচ্ছে না যে আমি পরিবার ছেড়ে আছি। আসলে চ্যানেল আই আমার কাছে আমার নিজের পরিবারের মতো।
কলকাতায় থাকলেও বাংলাদেশের ময়মনসিংহের সন্তান জানিয়ে মিতালী মূখার্জী আরো জানান, এই বাংলার মাটিতে এলে একটা অদ্ভুত অনুভূতি কাজ করে আমার। আর আমার বাড়িও ময়মনসিংহে। চ্যানেল আই এভাবে দেশে আসার সুযোগ করে দিল বলে তাদের প্রতি কৃতজ্ঞ।








