ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের বক্তব্য আদালত অবমাননার শামিল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪১তম মৃত্যুবার্ষিকীতে তার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এমন মন্তব্য করেন।
ফখরুল বলেন, ষোড়শ সংশোধনীর রায় নিয়ে মন্তব্য করা সংবিধানের লংঘন। এ রায় নিয়ে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক যে বক্তব্য দিয়েছেন তা আদালত অবমাননার শামিল।
প্রতিদিন আওয়ামী লীগের মন্ত্রী, এমপি, নেতাকর্মী থেকে শুরু করে শুভাকাঙ্ক্ষীরা আদালতের বিরুদ্ধ এভাবে অশালিন বক্তব্য দিয়ে আদালতকে অসম্মান করছে বলেও দাবি করেন ফখরুল।
জাতীয় কবি নজরুলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ফখরুল বলেন, কবি নজরুল ইসলাম তার সাহিত্যকর্মের মাধ্যমে মানবতার কথা প্রকাশ করেছেন, অন্যায়ের প্রতিবাদ করেছেন। বৃটিশ বিরোধী আন্দোলনে লেখনীর মাধ্যমে তিনি পালন করেন গুরুত্বপূর্ণ ভূমিকা। ফলে তিনি বৃটিশ শাসকদের চক্ষুশুলে পরিণত হন এবং কারা নির্যাতন ভোগ করেন।
তিনি আরও বলেন, নজরুল ইসলাম আমাদের জাতীয় জীবনে এক অন্তহীন প্রেরণার উৎস। তার রচনা আমাদেরকে স্বদেশ প্রেমে উদ্বুদ্ধ করে। সমাজে শান্তি ও সাম্য প্রতিষ্ঠার মাধ্যমে তার স্বপ্ন পূরণে আমাদেরকে আত্মনিয়োগ করতে হবে।







