গেল মাসের ২৭ তারিখে জমকালো আয়োজনের ভেতর দিয়ে একমাত্র ছেলে আব্রাম জয়ের প্রথম জন্মদিন পালন করেছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। ছেলের জন্ম উৎসবের সপ্তাহ দুয়েকের মধ্যে ঘুরে এল এবার নিজের জন্মদিন! তবে ছেলের জন্মদিনের মতো কোনো আয়োজন রাখছেন না তিনি। ১১ অক্টোবর(বুধবার) নিজের জন্মদিনটি ঘরোয়াভাবেই পালন করার সিদ্ধান্ত নিয়েছেন বলে চ্যানেল আই অনলাইনকে জানালেন অপু।
জন্মদিনে বিশেষ কোনো আয়োজন আছে কিনা জানতে চাইলে অপু বিশ্বাস চ্যানেল আই অনলাইনকে জানান, না। কোনো বিশেষ আয়োজন নেই। সাধারণত আমি নিজের জন্মদিনটি পরিবার আর কাছের লোকজনের সঙ্গে ঘরোয়াভাবেই পালন করি। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।
ঘরোয়াভাবে নিজের জন্মদিনটি পালন করলেও তাই বলে ছেলেকে নিয়ে ঘুরতে হবেন না তাতো হয় না। বিকালে ছেলেকে নিয়ে বের হবেন জানিয়ে অপু বলেন, জয়কে নিয়ে বিকালে ঘুরতে বের হবো। তার সঙ্গে একান্তে কিছু সময় কাটাবো।
সাম্প্রতিক কাজ সম্পর্কে অপু বিশ্বাস আরো বললেন, ‘পাঙ্কু জামাই’-এর অল্প কিছু শুট বাকি ছিলো। সম্প্রতি দুইদিনে সেটা শেষ করেছি। এখন শুধু ছবিটির ডাবিং বাকি।
প্রায় এক দশক থেকেই ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা হিসেবে পর্দা কাঁপাচ্ছেন অপু বিশ্বাস। ২০০৫ সালে আমজাদ হোসেন পরিচালিত ‘কাল সকালে’ ছবিতে শাবনূরের বান্ধবীর ভূমিকায় অভিনয়ের মাধ্যমে সিনে জগতে পা রাখেন তিনি। ঠিক এর পরের বছরই এফআই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করে ঢাকাই চলচ্চিত্রে রীতিমত ঝড় তুলেন। দ্রুতই নির্মাতা ও প্রযোজকদের তালিকায় শীর্ষ নায়িকা হিসেবে নাম লেখান তিনি। তারকা অভিনেতা শাকিব খানের সঙ্গে জুটি বেধে একের পর এক ছবি করতে থাকেন। মাত্র দশ বছরের মধ্যে শাকিবের সঙ্গে জুটি বেধে প্রায় আশিটি ছবিতে অভিনয় করে জন্ম দেন এক বিরল রেকর্ডের।
ছবি: শিথিল রহমান







