চৌধুরী এমডি ফরিয়াদ: হবিগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ চলছে। সংঘর্ষে শহর রণক্ষেত্রে পরিণত হয়েছে। বুধবার বেলা দুইটা থেকে এ সংঘর্ষ শুরু হয়।
এ সংঘর্ষে পুলিশ অন্তত অর্ধশত রাউন্ড রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করেছে। সংঘর্ষে পুলিশসহ কমপক্ষে ৫০ জন আহতের ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি। শহরের শায়েস্তানগর এলাকায় দলীয় কার্যলয়ের সামনে সব প্রস্তুতি নেয়া হয়। সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান ড. খন্দকার মোশাররফ হোসেন, জয়নাল আবেদীন ফারুক, সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবনসহ কেন্দ্রীয় নেতাদের উপস্থিত থাকার কথা।
বেলা দুইটার কিছু আগে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশ স্থলে রওয়া হয়। এ সময় শায়েস্তানগর পয়েন্টে তাদের সাথে পুলিশের সংঘর্ষ বাধে।
তবে এ বিষয়ে বিএনপি এবং পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। পরবর্তীতে তারা বিষয়টি জানাবেন বলে জানান।








