আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপির প্রধান দুই নেতা দণ্ডপ্রাপ্ত আসামী। আইন অনুযায়ী তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। তাই জনগণ থেকে বিচ্ছিন্ন বিএনপি ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যেতে ষড়যন্ত্র করে চলেছে।
সকালে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তিনি।
ত্যাগী নেতারা আওয়ামী লীগের আস্থার ঠিকানা দাবি করে ওবায়দুল কাদের বলেন: পকেট ভারি করার জন্য লোক সৃষ্টি করা যাবে না, দুঃসময়ের কর্মীরাই দলের আসল বন্ধু। আওয়ামী লীগ আগামী জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত।
গত নির্বাচনের চেয়ে আগামী নির্বাচনে আরও কঠিন পরীক্ষা দিতে হবে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন: তাই এখন থেকেই শতভাগ প্রস্তুতি নিতে হবে। প্রতিপক্ষ সর্বোচ্চ শক্তি দিয়ে আওয়ামী লীগকে হারাতে চেষ্টা করবে, সকলকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।
দল করলে দলের নিয়ম মেনে চলতে হবে, অনিয়ম করে দলের মনোনয়ন দেওয়ার দিন শেষ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন: আওয়ামী লীগ বা শেখ হাসিনা চিরদিনের জন্য কাউকে নেতৃত্ব ইজারা দেয়নি।
সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট কেএম হোসেন আলী হাসানের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন, আবদুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন এবং সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদ তালুকদারসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও স্থানীয় সংসদ সদস্যগণ।







