ক্রিকেট বিশ্বকে শোকে ভাসিয়ে ৫২ বছর বয়সে প্রয়াত হয়েছেন কিংবদন্তি শেন ওয়ার্ন। অস্ট্রেলিয়ার সাবেক তারকা লেগ স্পিনারকে নিয়ে ‘স্পোর্টস ইয়ারি’ নামে একটি তথ্যচিত্র বানানো হয়েছে। সেখানে ২০০৮ সালের আইপিএলে তার সতীর্থদের বক্তব্য নেয়া হয়েছে। স্মৃতিচারণ করেছেন পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটার কামরান আকমলও।
শেন ওয়ার্নের অধীনে সেবার রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছিলেন কামরান আকমল। ডকুমেন্টারিতে অধিনায়কের স্মৃতিচারণ করতে গিয়ে দিয়েছেন মজার তথ্য। দেরি করে আসায় রবীন্দ্র জাদেজা ও ইউসুফ পাঠানকে নাকি বাস থেকেই নামিয়ে দিয়েছিলেন ওয়ার্ন, বলেছিলেন পায়ে হেঁটে হোটেলে ফিরতে।
‘ট্রিবিউট টু শেন ওয়ার্ন আইপিএল ডকুমেন্টারি’তে আকমল শাস্তির কথা উল্লেখ করে বলেন, ‘টিম বাসে উঠতে কিছুটা সময় দেরি করছিলেন ইউসুফ পাঠান ও রবীন্দ্র জাদেজা। ওয়ার্ন তখন কিছুই বলেননি। আমিও কিছুটা দেরি করেছিলাম, তিনি আমাকেও কিছু বলেনি। কারণ আমি দলেই পরে যোগ দিয়েছিলাম।’
“আমরা অনুশীলন সেরে স্টেডিয়াম ছাড়লাম। যখন ফিরছিলাম তখন তিনি বাস চালককে গাড়ি থামাতে বললেন। জাদেজা ও ইউসুফের কাছে গিয়ে বললেন ‘পায়ে হেঁটে আসো’।” বলেন পাকিস্তানি উইকেটরক্ষক ব্যাটার।

২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত দলটির সঙ্গে যুক্ত থাকা সিদ্ধার্থ ত্রিবেদীও জাদেজা-ইউসুফের শাস্তির বিষয়টিতে বলেছেন, ‘হোটেল প্রায় ১-২ কি.মি. দূরে ছিল। ইউসুফ এবং জাদেজাকে বাস থেকে নামতে হয়েছিল সেবার। হেঁটে আসতে হয়েছিল বাকি পথ। আর একটি শাস্তি ছিল তার, টিম মিটিংয়ে দেরি করলে সেই খেলোয়াড়কে ২৪ ঘণ্টা ‘পিঙ্কি’ নামের পুতুলটি বহন করতে হতো! টিম মিটিং, স্পন্সরদের সঙ্গে আলোচনা এবং শুভেচ্ছামূলক কোনও অনুষ্ঠানেও বহন করতে হত ওই পুতুল।’
২০০৮ সালে আইপিএলের প্রথম সংস্করণে রাজস্থান রয়্যালসকে শিরোপা এনে দেন শেন ওয়ার্ন। স্পোর্টস ইয়ারি ডকুমেন্টারিতে কিংবদন্তীর জীবনী বলার পাশাপাশি তুলে আনা হয়েছে সেই মধুর স্মৃতিও। সেসময় দলে থাকা খেলোয়াড়রা প্রয়াত অধিনায়কের সঙ্গে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন। নস্টালজিক হয়ে অধিনায়ক সম্পর্কে বলেছেন দিনেশ সালুঙ্খে, পঙ্কজ সিং ও সোহেল তানভিররা।
শেন ওয়ার্ন তার ১৫ বছরের খেলোয়াড় জীবনে ১৪৫টি টেস্ট ম্যাচ খেলে ৭০৮টি উইকেট নিয়েছেন, যা টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ। ১৯৯৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত ১৯৪টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন, শিকার করেছেন ২৯৩টি উইকেট। ২০০৭ সালে সাদা পোশাকের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেন অজি তারকা স্পিনার।







