আলুর চিপস খেতে মন ছুটে যাচ্ছে কিন্তু মুটিয়ে যাওয়ার ভয়? আর নয় চিন্তা, চিপস পাগলদের জন্য আছে সুখবর। এখন থেকে বাসায় নিজেই তৈরি করতে পারবেন বিভিন্ন ধরণের ফলের চিপস। ভিটামিন সমৃদ্ধ এসব ফলের চিপস খেতে যেমন সুস্বাদু, তেমনি স্বাস্থ্যকর। এই চিপসে মুটিয়ে যাওয়ার কোনো ভয় নেই।
মুচমুচে এই চিপসে মুটিয়ে যাওয়ার কোনো ভয় নেই। চলুন জেনে নেই কয়েকটি ফ্রুট চিপসের রেসিপি:
আপেলের চিপস: অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রয়োজনীয় পুষ্টিগুণে সমৃদ্ধ আপেলের চিপস স্বাস্থ্যের জন্য খুবই উপকারি। এটি তৈরি করাও অনেক সহজ।
প্রয়োজনীয় উপকরণ: ৩টি বড় সাইজের আপেল খুব পাতলা করে স্লাইস করা, ১/৪ কাপ মধু, ১ চা চামচ লবণ।
প্রস্তুত প্রনালী: ৯০ থেকে ১’শ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় ওভেন প্রি-হিট করে নিতে হবে। প্রথমে বেকিং শিটে আপেল স্লাইসগুলো রেখে সেগুলোতে মধু মাখাতে হবে এবং আপেল স্লাইসের ওপর লবণ ছিটিয়ে দিতে হবে। আপেল স্লাইস ৪৫ মিনিট ধরে বেক করতে হবে। এরপর স্লাইসগুলো উল্টে দিয়ে আরো ৩০ মিনিট বেক করতে হবে। বের করে ঠাণ্ডা করে পরিবেশন করুন।
কলা চিপস: দক্ষিণ ভারতীয়দের খুব প্রিয় একটি খাবার হলো কলা চিপস।
প্রয়োজনীয় উপকরণ: ১টি কাঁচা কলা, ১/৪ চা চমচ হলুদ গুঁড়ো, লবণ পরিমাণ মতো, ভাজার জন্য নারিকেল তেল ।
প্রস্তুত প্রণালী: পাতলা পাতলা করে কলা স্লাইস করে নিতে হবে। কলা স্লাইসের সঙ্গে হলুদ গুঁড়ো ও লবণ মাখাতে হবে। একটু পানি ছিটিয়ে কলা স্লাইসের সঙ্গে ভালো করে মসলা মাখাতে হবে। ১৫ মিনিট রোদে শুকিয়ে গরম ডুবো তেলে ভাজতে হবে। এয়ারটাইট কন্টিনারে বহুদিন ধরে রাখা যাবে এই চিপস।
কাঁঠালের চিপস: একটু কাঁচা কাঁচা কাঁঠালের কোষ, লবণ ও তেল।
প্রস্তুত প্রণালী: ভিতর থেকে কাঁঠালের বিচি সরিয়ে লম্বা করে পিস করতে হবে। তেল গরম হলে কাঁঠালের পিস মচমচে করে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে চিপসের ওপর একটু লবণ ছিটিয়ে দিতে হবে।
পেয়ারার চিপস: পেয়ারার চিপস স্বাস্থ্যের জন্য অনেক উপকারি।
প্রয়োজনীয় উপকরণ: পেয়ারা, দারচিনি গুড়ো ও তেল।
প্রস্তুত প্রণালী: পেয়ারা পাতলা করে স্লাইস করে ছুড়ি দিয়ে ভিতর থেকে বিচি গুলো বের করে ফেলতে হবে। ওভেন আগে থেকে ১২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম করে নিতে হবে। তারপর পেয়ারার স্লাইস বেকিং শিটে রেখে ১ ঘণ্টা বেক করতে হবে। তারপর স্লাইসগুলো উল্টিয়ে আবার ৩০ মিনিট বেক করতে হবে। ভাজা হয়ে গেলে নামিয়ে ঠাণ্ডা করে ওপরে দারচিনি গুড়ো ছিটিয়ে পরিবেশন করতে হবে।
আনারস চিপস: ছোট ছোট ছেলে-মেয়েদের জন্য খুব পারফেক্ট স্নেকস হলো আনারস চিপস। এই চিপসে আছে ভিটামিন সি, ভিটামিন বিওয়ান, ভিটামিন বি সিক্স, কপার, পটাসিয়াম ও ম্যাগনেসিয়াম।
প্রয়োজনীয় উপকরণ: আনারস
প্রস্তুত প্রণালী: আনারস ছিলে পাতলা করে স্লাইস করতে হবে। বেকিং ট্রে তে রেখে ১২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ১৫ থেকে ২০ মিনিট বেক করতে হবে।







