আইন অমান্য করে বালু উত্তোলন ও বিক্রির দায়ে ১৪জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করেছে টাঙ্গাইল র্যাবের ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নদী তীরবর্তী ৭টি অবৈধ বালু ঘাটে এই অভিযান পরিচালনা করেন।
টাঙ্গাইল র্যাব-১২, সিপিসি-৩ এর অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী বলেন, টাঙ্গাইলের ভূঞাপুরে বুধবার ৭টি অবৈধ বালু ঘাটে নির্বাহী ম্যাজিস্ট্রেট কায়সার খসরুর নেতৃত্বে অভিযান চালায় র্যাব। এসময় বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ ভঙ্গ করে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে ১৪ জন আটক ও বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা করেন।
আটককৃতদের মধ্যে দুইজনকে ৫০ হাজার টাকা করে, একজনকে তিন মাসের জেল, আট জনকে তিন মাস করে জেল ও অর্থদন্ড, পাঁচজনকে ৬ মাস করে জেল ও অর্থদন্ড প্রদান করা হয়। এতে মোট অর্থদন্ড করা হয় ২১ লাখ ৫০ হাজার টাকা। তাৎক্ষণিক আদায় করেন ৯ লাখ ৫০ হাজার টাকা।
টাঙ্গাইল ও ভূঞাপুরের একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। আর এ বালু উত্তোলনের ফলে হুমকির মুখে রয়েছে বঙ্গবন্ধু সেতু। এমন একটি সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। এসময় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অমান্য করার অভিযোগে ১৪ জনকে আটক করা হয়।








