বার্সেলোনার সময়টা চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে যাচ্ছিল। পিএসজির কাছে বড় হারে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যাওয়ার উপক্রম ক্লাবটির। তখন থেকেই গুঞ্জন ভাসছিল লুইস এনরিকের বিকল্প ভাবতে শুরু করেছে কাতালান ক্লাবটি। এবার এনরিকেই জানিয়ে দিলেন বার্সার সঙ্গে সম্পর্কের ইতি টানছেন তিনি। চলতি মৌসুম শেষে মেসি-নেইমারদের কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন এনরিকে।
বুধবার রাতে স্পোর্টিং গিজনের বিপক্ষে ঘরের মাঠে ৬-১ গোলের দারুণ এক জয়ের পর চমকে দেওয়া এই ঘোষণাটি দেন ৪৬ বছর বয়সী বার্সা কোচ।
বার্সার কোচের উত্তপ্ত চেয়ারে বসেছিলেন ২০১৪ সালের জুনে। প্রথম মৌসুমেই কাতালানদের ট্রেবল জেতান এনরিকে। পরের মৌসুমে ঘরোয়া ফুটবলের ডাবল। সবমিলিয়ে এখন পর্যন্ত ৮টি শিরোপা এসেছে তার হাত ধরে। এবার শেষের অপেক্ষায় তিন মৌসুমের সাফল্যমণ্ডিত সেই অধ্যায়ের।
মিডফিল্ডার এনরিকে একসময় বার্সেলোনার জার্সিতে খেলেছেন। পরে ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত কাতালানদের ‘বি’ দলের কোচের দায়িত্বে ছিলেন। রোমা ও সেল্টা ভিগোর প্রধান কোচের দায়িত্ব সামলানোর পর ডাক পড়েছিল বার্সার। চলতি মৌসুম শেষে তার তিন বছরের চুক্তির মেয়াদ শেষ হবে। সেটি আর না বাড়ানোর সিদ্ধান্তই এলো।
গুঞ্জন তো ছিলই। কোচ বা ক্লাবের কোনো পক্ষই সেটির পালে হাওয়া দিচ্ছিল না। কোচের পদ থেকে এনরিকের সরে দাঁড়ানোর ঘোষণাটি তাই একরকম আচমকাও বলা চলে। স্প্যানিশ গণমাধ্যমও এমন সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছে।








