স্প্যানিশ লা লিগায় একই রাতে ভিন্ন চেহারায় দুই জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার। লিওনেল মেসির অনুপস্থিতিতে জ্বলে উঠা লুইস সুয়ারেস ও নেইমার এর নৈপূণ্যে স্পোর্টিং গিজনকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দেয় বার্সেলোনা।
আর লা পালমাসের সামনে পথ হারানো রিয়াল পড়েছে ড্রয়ের ফাঁদে। তবে টানা দ্বিতীয় ম্যাচে পয়েন্ট হারিয়েও শীর্ষস্থান ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ। পালমাসের সঙ্গে ২-২ গোলে ড্র করেও চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে এক পয়েন্ট এগিয়ে আছে রিয়াল।
খেলার ২৯ মিনিটে প্রথম সুযোগটা কাজে লাগিয়ে বার্সাকে এগিয়ে নেন সুয়ারেজ। তিন মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলের মিডফিল্ডার রাফিনহা। এরপর গোল উৎসবে মাতে মেসিবিহীন বার্সা। নেইমারের জোড়া গোল ও আদ্রাতুরানের লক্ষ্যভেদে ৫-০ ব্যবধান নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।
অন্যম্যাচে লাস পালমাসের বিপক্ষে দুবার এগিয়ে গিয়েও শেষে ২-২ গোলে ড্র করে শীর্ষস্থান ফিরে পেয়েছে রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষের মাঠে ৩৩ মিনিটে প্রথম লিড নেয় রিয়াল। নাচোর জোড়ালো শট পালমাস গোলকিপার আটকে দিলেও ফিরতি বল হেডে জালে জড়ান মার্কো অ্যাসেনসিও।
তবে লিড পাঁচ মিনিটের বেশি সময় ধরে রাখতে পারেনি রিয়াল। ৩৮ মিনিটে স্বাগতিকদের সমতায় ফেরান পেড্রো। সমতায় থেকে বিরতির পর মাঠে নেমে আবার এগিয়ে যায় রিয়াল। ৬৭ মিনিটে রোনালদোর আড়াআড়ি শট গোলকিপার ঠেকিয়ে দিলেও ফিরতি বল জালে পাঠাতে ভুল করেননি করিম বেনজামা। গোল না পাওয়ার হতাশার মধ্যে ৭২ মিনিটে রোনালদোকে তুলে নিলে অসন্তোষ প্রকাশ করতে দেখা গেছে।
রিয়াল যখন ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়া প্রস্তুতি নিচ্ছিল ঠিক তখনই সমতায় ফেরে পালমাস। খেলার পাঁচ বাকি থাকতে সার্জিও আরাউজুর গোলে হতাশ হয় রিয়াল।
শীর্ষে ফেরা রিয়ালের পয়েন্ট ১৪। এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে বার্সেলোনা। তৃতীয়স্থানে রয়েছে সেভিয়া। আর ডিয়েগো সিমিওনের অ্যাথলেটিকো মাদ্রিদ রয়েছে চার নম্বরে।







