স্প্যানিশ লা লিগায় এইবারকে ৪-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে দু’পয়েন্ট পিছিয়ে রয়েছে লুইস এনরিকের দল। জয়ের রাতে গােল পেয়েছেন মেসি-নেইমার-সুয়ারেজ।
এইবারের মাঠে খেলার ১০ মিনিটের মধ্যে গোড়ালি ইনজুরিতে মাঠ ছাড়তে হয় দলের মিডফিল্ডার সার্জিও বাসকুয়েটসকে। পরে ৩১ মিনিটে বার্সেলোনার হয়ে প্রথম গোল করে দলকে ১-০ তে লিড এনে দেন স্প্যানিশ তরুণ মিডফিল্ডার ডেনিশ সুয়ারেজ।
দ্বিতীয়ার্ধে ৫ মিনিটের মধ্যে মৌসুমে লিওনেল মেসি’র ২৮তম গোলে ব্যবধান দ্বিগুণ করেন কাতালানরা। পরের দুই গোল সুয়ারেজ আর নেইমারের। ৬৮ মিনিটে উরুগুইয়ান ফরোয়ার্ড লুইস সুয়ারেজের গোলে ৩-০ তে এগিয়ে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আর খেলা শেষ হওয়ার আগ মুহূর্তে গোল করেন নেইমার।
লিগে নিজেদের ১৯ ম্যাচ শেষে বার্সেলোনার সংগ্রহ ৪১ পয়েন্ট। তারা আছে টেবিলের তিননম্বরে। সমান ম্যাচে ১ পয়েন্ট বেশি নিয়ে দুই নম্বরে সেভিয়া। আর এক ম্যাচ কম খেলে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ।
লা লিগায় রাতের অন্য ম্যাচে ওসাসুনাকে ৪-৩ গােল সেভিয়া ও সেল্টাভিগোকে ১-০ হারিয়েছে রিয়াল সোসিয়েদাদ। এছাড়া অ্যাটলেটিকো মাদ্রিদ ও অ্যাটলেটিকো ক্লাবের ম্যাচ ২-২, ও রিয়াল বেটিস-স্পোটিং গিজনের ম্যাচটি গােলশূন্য ড্র হয়। 







