টানা ৩৯ ম্যাচে অপরাজিত থেকে স্পেনের ক্লাব ফুটবলে নতুন রেকর্ড গড়েছিল মেসি-নেইমার-সুয়ারেজদের বার্সা। এতে চলতি লা লিগা শিরোপাটা নাগালেই দেখছিলেন কাতালানরা। কিন্তু টানা তিন ম্যাচে হার নিয়ে আপাতত ভিন্ন চিত্র বার্সেলোনার। আর কাতালানাদের এই ব্যর্থতায় জমে উঠেছে লা লিগা।
অ্যাথলেটিকো মাদ্রিদের কাছে হেরে ট্রেবল জয়ের আশা আগেই শেষ। রোববার রাতে ভ্যালেন্সিয়ার কাছে ২-১ গোলে হেরে এবার স্প্যানিশ লিগ শিরোপাও হাতছাড়া হওয়ার শঙ্কায় বার্সেলোনা। টানা তৃতীয় হার সহ চার ম্যাচে জয়হীন মেসি-নেইমার-সুয়ারেজরা।
বার্সার ছন্দপতনের শুরু এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের কাছে তিন পয়েন্ট খোয়ানোর মধ্যদিয়ে। এরপর পর রিয়াল সোসিয়েদাদের মাঠে হার। আর ঘরের মাঠে ভ্যালেন্সিয়ার কাছে হারলো এনরিকের দল।
লিগে বার্সেলোনার টানা তিন হার ও এক ড্রয়ের সুযোগে ব্যবধান কমিয়ে শিরোপা লড়াই জমিয়ে তুলেছে রিয়াল মাদ্রিদ ও অ্যাথলেটিকো মাদ্রিদ। বার্সা ও অ্যাথলেটিকো মাদ্রিদের পয়েন্ট এখন ৭৬। এক সময় বার্সার চেয়ে ১২ পয়েন্ট পিছিয়ে থাকা রিয়াল মাদ্রিদ এখন মাত্র ১ পয়েন্ট পেছনে। এবারের লা লিগায় আরো ৫টি করে ম্যাচ বাকি।
এই ভ্যালেন্সিয়াকে মাত্র দু মাস আগে এই ন্যু ক্যাম্পে ৭-০ গোলে হারের লজ্জা দিয়েছিল বার্সেলোনা। সেবার ছিল কোপা দেল রে সেমিফাইনাল। কিন্তু টুর্নামেন্টের পার্থক্যে পাল্টে গেল ফলাফলও। সেই সাথে পাল্টে গেল লা লিগার চেহারা।
অন্যদিকে, বার্সার ব্যর্থতার সুযোগে নতুন করে জেগে উঠেছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও অ্যাথলেটিকো মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ দিয়ে ট্র্যাকে ফিরেছে দুদলই।
জার্মান ক্লাব ভলফবুর্গের কাছে প্রথম লেগে ২ গোলে হেরে পরে লেগে দারুণভাবে ঘুরে দাঁড়ায় রিয়াল। ঘরের মাঠে জার্মান ক্লাবকে ৩-০ গোলে উড়িয়ে সেমিফাইনালে উঠে গ্যালাকটিকোরা। এরপর একই রকম ফর্ম ধরে রেখেছে লা লিগায়ও। আগের দিনই গেটাফেকে ৫-১ গোলে পর্যদুস্ত করেছে রিয়াল।
আর রিয়ালের নগর প্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিকোর উত্থানটাও একই রকম। চ্যাম্পিয়ন্স লিগে প্রথম লেগে ঘরের মাঠে ২-১ গোলে হেরেছিলো তারা। কিন্তু দ্বিতীয় লেগে বার্সাকে তাদের ঘরের মাঠেই ২-০ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করে ডিয়েগো সিমিওনের দল। সর্বশেষ লা লিগা ম্যাচেও গ্রানাডাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা।








