বার্লিন উৎসবে এবার স্বর্ণ ভল্লুক জিতেছে হাঙ্গেরির ছবি ‘অন বডি অ্যান্ড সৌল’। ছবিটি পরিচালনা করেছেন হাঙ্গেরির ইলদিকো এনইয়েদি। প্রতিযোগিতা বিভাগে স্বর্ণ ভল্লুকের জন্য লড়েছে ১৮টি ছবি। এই বিভাগের জুরি বোর্ডের প্রধান ডাচ নির্মাতা পল ভারহোভেন ‘অন বডি অ্যান্ড সৌল’ ছবি নিয়ে বলেছেন, ‘আমরা যারা জুরি বোর্ডে ছিলাম, তারা সবাই এই ছবির প্রেমে পড়েছি। কারণ ছবিটি দৈনন্দিন জীবনে ভুলে থাকা আবেগ-অনুভূতির কথা আমাদের মনে করিয়ে দিয়েছে।’
আজ রোববার শেষ হলো ৬৭তম বার্লিন চলচ্চিত্র উৎসব। ৯ ফেব্রুয়ারি ফরাসি ছবি ‘জ্যাঙ্গো’ প্রদর্শনের মধ্য দিয়ে বার্লিন উৎসবের পর্দা ওঠে। উৎসবের বিভিন্ন বিভাগে ৪০৩টি ছবির প্রদর্শনী হয়েছে। রয়টার্সের দেওয়া তথ্য অনুযায়ী, ১০ দিনের এই উৎসবে পাঁচ লাখ শিল্পী, কলাকুশলী ও সংবাদমাধ্যমের কর্মী অংশ নিয়েছেন। বিভিন্ন ছবির প্রদর্শনীর টিকিট বিক্রি হয়েছে ৩ লাখ।


এবার সেরা অভিনেতার পুরস্কার রৌপ্য ভল্লুক পেয়েছেন অস্ট্রিয়ার জর্জ ফ্রিডরিচ। বাবা-ছেলের গল্প নিয়ে তৈরি ‘ব্রাইট নাইটস’ ছবিতে অনবদ্য অভিনয় করেছেন তিনি। আর ‘অন দ্য বিচ অ্যাট নাইট অ্যালোন’ ছবিতে অনবদ্য অভিনয় করে সেরা অভিনেত্রীর পুরস্কার রৌপ্য ভল্লুক জিতেছেন দক্ষিণ কোরিয়ার কিম মিন-হি। ‘দ্য আদার সাইড অব হোপ’ ছবির জন্য সেরা পরিচালকের রৌপ্য ভল্লুক জিতেছেন ফিনল্যান্ডের আকি কাউরিসমাকি। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের স্বর্ণ ভল্লুক জিতেছে পর্তুগালের ‘স্মল টাউন’’। গ্র্যান্ড জুরি পুরস্কার জিতেছে ফ্রান্স-সেনেগাল-বেলজিয়ামের যৌথ প্রযোজনায় নির্মিত ‘ফেলিসিট’। এবার উৎসবে জুরিরা যুক্ত করেছেন নতুন বিভাগ ‘মৌলিক চিত্রনাট্য’। এই পুরস্কার পেয়েছে ইসরায়েলের আইন ব্যবস্থা নিয়ে ফিলিস্তিনি পরিচালক রায়েদ আন্দোনির ছবি ‘গোস্ট হান্টিং’।
স্বর্ণ ভল্লুক জেতা ‘অন বডি অ্যান্ড সৌল’ ছবির প্রদর্শনী আর পুরস্কার দেওয়ার মধ্য দিয়ে আজ শেষ হলো ৬৭তম বার্লিন চলচ্চিত্র উৎসব।









