সন্তানের ভালোর জন্য জীবনের সবকিছু নির্দ্বিধায় ত্যাগ করে, আদর-শাসন ও বিশ্বস্ততার এক শীতল জায়গা হলো বাবা। বাবার তুলনা বাবা নিজেই। বাবা শ্বাশত, চিরন্তন ও চির আপন। আজ সেই বাবাকে প্রাণ খুলে বলার দিন, বাবা আমি তোমাকে বড়ো ভালাবাসি।
বাবা দিবসে চ্যানেল আই অনলাইনের কাছে তাদের অনুভূতির কথা জানিয়েছেন বিভিন্ন ক্ষেত্রে কয়েকজন তারকা।
সদ্য বাবা হওয়া জনপ্রিয় নায়ক রিয়াজ চ্যানেল আই অনলাইনকে বলেন, আমার জীবনে প্রত্যেকবার বাবা দিবস এসেছে। কিন্তু এবার বাবা দিবসটা আমার কাছে অসাধরণ। ছেলেকে নিয়েই বাবা দিবস উদযাপন করছি আজ।
‘ও আসলে এতো ছোট যে বাবা ডাকটি এখনো শুনতে পারিনি। তবে তাতে আমার কোনো কষ্ট নেই। তারকা হয়েছি বলে কি হয়েছে! সব কাজের আগে আমেরা গুরুত্বপূর্ণ। রাতে মেয়ে আমেরার যেনো কোনো কষ্ট না পায় সেজন্য রাত জেগে বসে থাকি। সঙ্গে থাকে ওর মা তৃণাও,’ বলছিলেন রিয়াজ।
‘বাবা হওয়ার অনুভূতি চমৎকার,’ এভাবেই বাবা হওয়ার আনন্দের কথা চ্যানেল আই অনলাইনকে বলেন জাতীয় দলের ক্রিকেটার আব্দুর রাজ্জাক।
এক মাস আগে বাবা হয়েছেন তিনি। তাই এবারের বাবা দিবসটি তার কাছে অন্যরকম। রাজ্জাকের সমস্ত ধ্যান-জ্ঞানে এখন তার ছেলে আদিয়ান। প্রত্যেক বাবার অভিজ্ঞতা থাকে নবজাতক সন্তান নিয়ে রাত জাগার। সেই ধরনের অভিজ্ঞতা বর্তমানে নিচ্ছেন রাজ্জাক।
জানালেন, রাত জেগে জেগে ছেলের পাশে বসে থাকেন তিনি। রাজ্জাক ছোট বেলায় যেভাবে ঘুমাতেন তার ছেলে আদিয়ানও একিই স্টাইলে ঘুমায়– এই দৃশ্যটি রাজ্জাককে সবচেয়ে বেশি আনন্দ দেয়।
রাজ্জাক-রিয়াজরা যে বয়সে বাবা হয়েছেন, সেই তুলনায় অল্প বয়সে বাবা হয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী আগুন। চ্যানেল আই অনলাইনকে আগুন বলেন, চোখ বন্ধ করলে আমি সবসময় আমার ছোট ছেলে মশালকে দেখতে পাই।
‘আমি যেমন আমার বাবার অভিনয় ভালোবাসি, ঠিক মশালও তার বাবার গান খুব ভালোবাসে। বাবা হিসেবে আমার একটাই চাওয়া– মিছিল আর মশাল যেনো জীবনে ভালো মানুষ হতে পারে,’ বাবা দিবসে সেজন্য সবার কাছে শুভ কামনা চেয়েছেন বাবা আগুন।







