বাবার পথেই হাঁটছেন বার্সেলোনা ও নেদারল্যান্ডসের কিংবদন্তি সাবেক প্যাটট্রিক ক্লুইভার্টের ছেলে জাস্টিন ক্লুইভার্ট। ক্যারিয়ারের শুরুতে বাবা যেটা করতে পারেননি সেটাই করে দেখাচ্ছেন জাস্টিন। নেদারল্যান্ডস লিগে হ্যাটট্রিক করেছেন রোববার রাতে। রোডা জেসির বিপক্ষে তার দল আয়াক্স জিতেছে ৫-১ গোলে।
ফুটবল ক্যারিয়ারে বার্সেলোনায় খেলেছেন প্যাটট্রিক ক্লুইভার্ট। ডাচ লিগে দুটি দলের হয়ে খেলেও কোন হ্যাটট্রিক করতে পারেননি তিনি। ক্লুইভার্ট যেটা পারেননি ১৮ বছরের জাস্টিন সেটা করে দেখিয়েছেন। তিনটি গোলেই মিশে থাকল বাবার মত গতি, ড্রিবল আর দুর্দান্ত ফিনিশিং।
বার্সা ছাড়াও আয়াক্স, পিএসভি, এসি মিলান, নিউক্যাসল ইউনাইটেড, ভ্যালেন্সিয়া ও লিওঁ’র জার্সি গায়ে খেলেছেন ক্লুইভার্ট সিনিয়র।
কাতালান জার্সিতে ১৮২ ম্যাচে ৯০টি গোল করেছেন। আয়াক্সের হয়েও ৭০ ম্যাচে ৩৯ গোল আছে তার। একবছর দায়িত্ব পালন করেছেন প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) ফুটবল ডিরেক্টর হিসেবে।

আয়াক্সের সিনিয়র দলে গত বছর অভিষেক হয়েছে জাস্টিনের। এপর্যন্ত ২৩টি ম্যাচ খেলেছেন। ২৩ নম্বর ম্যাচে এসেই দেখা পেয়েছেন হ্যাটট্রিকের। নেদারল্যান্ডস জাতীয় দলে অভিষেক না হলেও বয়সভিত্তিক প্রতিটি দলেই খেলেছেন জাস্টিন। অনূর্ধ্ব-১৫ থেক অনূর্ধ্ব-২১, সব দলেরই অপরিহার্য সদস্য ক্লুইভার্ট জুনিয়র।
কিংবদন্তি বাবার রক্ত বয়ে চলেছেন। মাঠের খেলাতেও সেটির ছাপ। বড় বড় ক্লাব তাই পিছু নিতে বাকি নেই। জাস্টিনকে মনে ধরেছে ম্যানচেস্টার ইউনাইটেড কোচ হোসে মরিনহোর। নজরে আছেন বাবার পুরনো ক্লাব বার্সেলোনারও। বার্সা স্কাউটরা ইতোমধ্যে জাস্টিনকে পরখ করে এসেছেন বলেও খবর।









