ওয়ানডে স্ট্যাটাস আগে থেকেই ছিল নেদারল্যান্ডসের। তবে বাজে খেলার দরুন তাদের ওয়ানডে দলের তকমাটা ২০১৪ সালে কেড়ে নিয়েছিল ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসি। সেটি আবার ফিরেও পেতে পারে ডাচরা। অপেক্ষাটা শুধু দুই ম্যাচের।
ওয়ার্ল্ড ক্রিকেট চ্যাম্পিয়নশিপে দুই রাউন্ড বাকি থাকতে পয়েন্ট টেবিলে সবার উপরে নেদারল্যান্ডস। দুইয়ে থাকা পাপুয়া নিউ গিনি তাদের থেকে পিছিয়ে দুই পয়েন্টে। ওয়ার্ল্ড ক্রিকেট চ্যাম্পিয়নশিপ জিততে পারলে চলতি মাসে আইসিসির ঘোষিত ১৩ ওয়ানডে লিগে ডাচদের খেলার সুযোগ মিলবে। সঙ্গে সুযোগ থাকছে নিজেদের হারানো গৌরব ফিরে পাওয়ারও।
২০০৩, ২০০৭ ও ২০১১ বিশ্বকাপে দারুণ কিছু ম্যাচ উপহার দেওয়া নেদারল্যান্ডসকে ভাবা হত সদস্য দেশগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী ক্রিকেট শক্তি। বাছাই পর্বে কেনিয়ার কাছে হেরে ২০১৫ বিশ্বকাপে খেলার সুযোগ হারায় ডাচরা, সঙ্গে ওয়ানডে স্ট্যাটাসও। তিন বছর পর দলটির সামনে সুযোগ আবারও রঙ্গিন ক্রিকেটের অভিজাত অংশে ফেরার।







