দেশে লেগ স্পিনার নিয়ে হাপিত্যেশ বহুদিনের। আক্ষেপ ঘোচাতে অনেকদিন ধরে কাজ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গেম ডেভেলপমেন্ট বিভাগ অনেকটা নীরবে দেশের আনাচে-কানাচে গিয়ে খুঁজে বের করেছে ৮০ জন তরুণ লেগ স্পিনার। তাদের মধ্যে মূল ক্যাম্পে টিকলেন ১৬ জন। বাংলাদেশ দলের নতুন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদের অধীনে পরিচর্যার কাজও শুরু হল বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের মাঝেই।
পাঁচ ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের চতুর্থটি হয়েছে শুক্রবার, রোববার হবে শেষটি। শনিবার জাতীয় দলের অনুশীলন ছিল না। ফাঁকা দিনে সময়টুকু বিসিবির উঠতি লেগ স্পিনারদের সঙ্গে কাটিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি সাবেক লেগ স্পিনার মুশতাক। এ সময় বাংলাদেশের তরুণদের উদ্দেশ্যে নানান দিকনির্দেশনা দিতে দেখা যায় তাকে।
পরে তাদের স্কিলও পরখ করে নেন মুশতাক। কয়েকজনকে লাইন-লেংথে উন্নতির পরামর্শ দিতে দেখা যায় বিসিবির পাঠানো ভিডিওতে।
প্রায় একবছর ধরে পাকিস্তানের সাবেক লেগ স্পিনার শাহেদ মাহমুদ ঘুরে বেড়িয়েছেন পুরো বাংলাদেশে। সেখান থেকে ৮০ জন জাতীয় পর্যায় অবধি পৌঁছান। মিরপুরের একাডেমি মাঠে ২ ও ৩মে তাদের ট্রায়াল হয় ৪০ জন করে দুটি গ্রুপে ভাগ করে।








