শুক্রবার সকাল ৯টায় বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ চতুর্থ বর্ষের বাছাই পর্ব অনুষ্ঠিত হবে।
ইতোমধ্যে বরিশাল বিভাগের প্রায় পাঁচ হাজার প্রতিযোগী নিবন্ধন করেছে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ঢাকা ও বরিশাল বিভাগের বিচারকমণ্ডলী এবং ইস্পাহানির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।
এই অনুষ্ঠানের সম্প্রচার সহযোগী চ্যানেল আই।
বাংলা ভাষাকে আরো বড় পরিসরে ছড়িয়ে দেবার প্রতিশ্রুতি নিয়ে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হচ্ছে দেশের সবচেয়ে বড় টিভি রিয়্যালিটি শো ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’।
নতুন প্রজন্মের কাছে শুদ্ধ বাংলা, বানান ও ব্যবহার ছড়িয়ে দিতেই এই আয়োজন। ‘বাংলায় জাগো ভরপুর’-এ স্লোগানকে সামনে রেখে প্রতিযোগিতাটির আয়োজন করা হয়েছে।
এ প্রতিযোগিতায় শুদ্ধ বাংলা ভাষার ব্যবহার, বানান চর্চা, শুদ্ধ উচ্চারণ ও ব্যাকরণের সঠিক প্রয়োগের মাধ্যমে ভিন্ন ভিন্ন পর্যায় শেষে চূড়ান্ত বিজয়ী নির্ধারণ করা হবে।
দেশ সেরা বাংলাবিদ পুরস্কার হিসেবে পাবেন ১০ লাখ টাকার মেধাবৃত্তি। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী পাবেন যথাক্রমে তিন ও দুই লাখ টাকার মেধাবৃত্তি।
বাকি ১০ জন প্রতিযোগী পাবেন একটি ল্যাপটপ ও ব্যক্তিগত পাঠাগার গড়ে তোলার জন্য ৫০ হাজার টাকা সমমূল্যের বই ও আলমারি।








