বাংলাদেশ

বাংলাদেশ-ভারত সংযোগকারী আগরতলা-আখাউড়া রেল প্রকল্পের কাজ শুরু

বাংলাদেশ-ভারত-রেল প্রকল্প

বাংলাদেশ ও ভারত রেলওয়েকে সংযোগকারী ১৫ কিলোমিটার লম্বা আগরতলা-আখাউড়া রেল প্রকল্পের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ভারতীয় গণমাধ্যম ফার্স্টপোষ্ট এ তথ্য জানিয়েছে।

এ উদ্দেশ্যে ভূমি অধিগ্রহণের জন্য ভারতে সংশ্লিষ্ট এলাকাজুড়ে বসবাসকারী ২৫৭টি পরিবারকে ভূমি ছেড়ে দেয়ার নোটিশ দেয়া হয়েছে। অন্যদিকে বাংলাদেশেও ৭০ একরের মতো ভূমি অধিগ্রহণ শুরু হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পশ্চিম ত্রিপুরা জেলা ম্যাজিস্ট্রেট ও কালেক্টর মিলিন্দ রামটেকে সাংবাদিকদের বলেছেন, ‘আমরা রেল প্রকল্পের জন্য ৬৬ একর জমি পাওয়ার উদ্দেশ্যে ২৫৭টি পরিবারকে নোটিশ দিয়েছি। ওই জমি দুই রেলওয়ের কাছে আগস্টের শেষের মধ্যেই হস্তান্তর করতে হবে।’

ভূমি অধিগ্রহণের জন্য কেন্দ্রীয় সরকার ইতোমধ্যে ৯৭.৬৩ কোটি রুপি দিয়ে দিয়েছে বলে জানান রামটেকে।

বাংলাদেশের আখাউড়ার সঙ্গে ভারতের আগরতলাকে যুক্ত করতে ১৫ কিলোমিটার লম্বা ওই রেললাইনের ৫ কিলোমিটার থাকবে ভারতে, আর বাকিটা বাংলাদেশে।

রেললাইন বসানোর কাজ আড়াই বছরের মধ্যেই শেষ হবে বলে আশা করা হচ্ছে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…