বৃহস্পতিবার রাজকোটে বাংলাদেশ-ভারতের দ্বিতীয় টি-টুয়েন্টিতে মাঠে থাকবেন সৌরভ গাঙ্গুলি। বোর্ড প্রেসিডেন্ট হওয়ার পর এই প্রথম কোনো আন্তর্জাতিক ম্যাচ দেখতে যাচ্ছেন সৌরভ।
ভারতীয় মিডিয়ার খবর, দিল্লিতে প্রথম ম্যাচে ছিলেন না তিনি। ইডেনে প্রথম গোলাপি বলের টেস্ট হতে চলেছে। সেই নিয়ে ব্যস্ততার জন্যই সব জায়গায় যেতে পারছেন না সৌরভ।
বিসিসিআই’র নতুন প্রেসিডেন্ট সৌরভকে সংবর্ধনা জানাতে তৈরি সৌরাষ্ট্র ক্রিকেট সংস্থা। প্রেসিডেন্ট জয়দেব শাহ বুধবার বলেছেন, ‘সৌরভের আসার ব্যাপারে আমরা সবুজ সঙ্কেত পেয়েছি। কীভাবে সংবর্ধনা জানানো যায়, তা নিয়ে আমরা পরিকল্পনা করছি।’
রাজকোটে বাংলাদেশের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট, প্রথম মাচে জয়ের পর আত্মবিশ্বাসের দিক থেকে দারুণ জায়গায় রয়েছে তারা। মুশফিকরা খুব ভালো জানেন, আর একটা ম্যাচ জিততে পারলে দেশে কী হতে পারে। ভারতের বিরুদ্ধে কখনোই টি-টুয়েন্টি সিরিজ জেতেনি বাংলাদেশ। তার উপর সাকিব আল হাসানের নির্বাসনের আবহে বাংলাদেশ এ সিরিজ জিতলে সেটাও টাইগার ক্রিকেটের মনোবল তুলে দেবে তুঙ্গে।
সাকিব-তামিমহীন বাংলাদেশ দল তারুণ্যে ভরা। নতুনদের মধ্যে বাংলাদেশের তুরুপের তাস মনে করা হচ্ছে দুই ২০ বর্ষী- লেগস্পিনার আমিনুল ইসলাম ও অফস্পিন-অলরাউন্ডার আফিফ হোসেনকে। সেইসঙ্গে রয়েছে মুশফিকুর, মাহমুদউল্লাহ’র অভিজ্ঞতা। তারুণ্য আর অভিজ্ঞতায় ভর করে ইতিহাসের জন্য প্রস্তুত বাংলাদেশ।
ম্যাচের আগের রাতে অবশ্য সাইক্লোন ‘মহা’ আছড়ে পড়েছে। যার প্রভাবে ভারী বৃষ্টি হয়েছে। তবে ম্যাচ ভেস্তে যাওয়ার সম্ভাবনা আপাতত নেই! ভেস্তে গেলেও বাংলাদেশের খুব চিন্তার কিছু নেই। কারণ সিরিজ হারের আর কোনো চাপ থাকবে না তখন। অন্যদিকে পুরো চাপটা ভারতের উপরই থাকবে। সিরিজে বেঁচে থাকতে গেলে যেভাবেই হোক ম্যাচ জিততে হবে। এই আবহে রাজকোটে সন্ধ্যা সাড়ে ৭টায় সিরিজের দু’নম্বর টি-টুয়েন্টি খেলতে নামছে দুদল।







