আগামী বৃহস্পতিবার বিশ্বকাপ বাছাইপর্বে অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার আগে বাংলাদেশের জন্য সুখবর। এই ম্যাচে খেলতে পারবেন না অস্ট্রেলিয়ার একনম্বর গোলকিপার ম্যাট রায়ান। হাঁটুর ইনজুরির কারণে শেষ মুহূর্তে দল থেকে ছিটকে পড়লেন লা লিগায় ভ্যালেন্সিয়ার এই গোলকিপার।
দেবোর্তিভো লা করুনার বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েন তিনি। তার জায়গায় অজিদের গোলবারের নিচে দাঁড়াবেন অ্যাডিলেড ইউনাইটেডের গোলকিপার এগুইনি গ্যালোকেভিক।
এই নিয়ে বাংলাদেশ ম্যাচের আগে অজিদের চারজন খেলোয়াড় দল থেকে ছিটকে পড়লেন। এরআগে অধিনায়ক মিলে জেডিনাক, ফরোয়ার্ড রবি ক্রুজ ও স্ট্রাইকার টমি জুরিচ দল থেকে ছিটকে যান।
এমিলিরা দেশ ছাড়ার আগেই জানা গিয়েছিলো বাংলাদেশের বিপক্ষে খেলতে পারবেন না অস্ট্রেলিয়ার অধিনায়ক মিলে জেডিনাক। তিনিও হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে ভুগছেন। অস্ট্রেলিয়ায় পৌঁছানোর আগে আরো একটি সুখবর পায় তারা। শুধু জেডিনাক নয়, আরো দুই অস্ট্রেলীয় খেলোয়াড় বাংলাদেশের বিপক্ষে খেলতে পারছেন না বলে জানা যায়।
ইনজুরি থেকে সেরে না ওঠায় ঘোষিত দল থেকে বাদ পড়েন অস্ট্রেলিয়ার ফরোয়ার্ড রবি ক্রুজ ও স্ট্রাইকার টমি জুরিচ। ক্রুজ জার্মান ক্লাব বেয়ার লেভারকুসেনের হয়ে খেলেন। আর জুরিচ খেলেন নেদারল্যান্ডসের ক্লাব রোডা জেসির হয়ে।
তবে এই তিন খেলোয়াড়ের বদলে দলে যে তিনজন সুযোগ পাচ্ছেন তারাও বড় টিমের খেলোয়াড়। তাদের দুজন খেলেন ইউরোপে আর একজন খেলেন দেশি ক্লাব ব্রিসবেন রোয়ারে।
ক্রিস ইকোনোমিডিস খেলেন ইতালিয়ান সিরি’আ লিগের ক্লাব লাৎসিওর হয়ে। আর বেন হালোরান খেলেন জার্মানির দ্বিতীয় বিভাগের দল এফসি হেইডেনহেইমে। লুক ব্র্যাটান খেলেন অস্ট্রেলিয়ার ক্লাব ব্রিসবেন রোয়ার এর হয়ে।






