আইসিসি ক্রিকেট র্যাঙ্কিংয়ে টেস্ট ক্রিকেটে দ্বিতীয় স্থানধারী অস্ট্রেলিয়ার জন্য সময়টা নতুনের আগমনের এবং পুরোনো অভিজ্ঞদের বিদায়ের। গত অ্যাশেজ টেস্ট সিরিজের পর অস্ট্রেলিয়ার বেশ কয়েকজন সেরা টেস্ট খেলোয়াড় অবসরে চলে গিয়েছেন।
তবে শক্তিমত্তায় তুলনামূলকভাবে অনেকটাই দুর্বল বাংলাদেশের বিপক্ষে আসন্ন সফরে টেস্ট সিরিজটিকে শুধুমাত্র নতুনদের পরীক্ষার সুযোগ বলেই ভাবছেন না অস্ট্রেলিয়া টেস্ট দলের নতুন অধিনায়ক স্টিভ স্মিথ।
অস্ট্রেলিয়া টেস্ট দলের এক প্রজন্মের বিদায়ের এই সময়টাতে অ্যাশেজ সফরের পরেই ব্যাট প্যাড তুলে রেখেছেন মাইকেল ক্লার্ক, ব্র্যাড হাডিন, রায়ান হ্যারিস, শেন ওয়াটসন এবং ক্রিস রজার্সের মতো তারকারা। তাই আসন্ন বাংলাদেশ সফরে টেস্ট সিরিজে অস্ট্রেলিয়া দলে থাকছে অনভিজ্ঞদের প্রাধান্য।
স্টিভ স্মিথ টেস্ট পর্যায়ে নতুন কয়েকজন খেলোয়াড়ের আত্মপ্রকাশের একটি ভালো সুযোগ বলে অভিহিত করেছেন এ সফরকে।
বাংলাদেশ সফরের জন্য অস্ট্রেলিয়ার ১৫ সদস্যের স্কোয়াড গত সোমবারে ঘোষণা করা হয়, যা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে অস্ট্রেলিয়ার সবচেয়ে অনভিজ্ঞ দল।
এই দলে রয়েছে অভিষেকের অপেক্ষায় থাকা দুইজন এবং আরো পাঁচজনেরই রয়েছেন যাদের ১০টির বেশি টেস্ট খেলার অভিজ্ঞতা নেই।
একটি পূর্ণাঙ্গ সিরিজে প্রথমবারের অধিনায়কত্বের দায়িত্ব পাওয়া স্মিথ সফরটিকে নতুন খেলোয়াড়দের পরীক্ষার একটি ভালো সুযোগ, এমন মন্তব্যের সাথে কখনোই একমত নন বলে জানান।
তিনি বলেন, প্রতিটি টেস্ট খেলাতেই তুমি জয় চাও, প্রতিটি সিরিজ তুমি জিততে চাও এবং বাংলাদেশের ক্ষেত্রেও তা ব্যতিক্রম নয়।
বাংলাদেশ ক্রিকেট দলের প্রশংসা করে স্মিথ বলেন, সেখানে খেলাটা কঠিন হবে, নিজেদের মাঠে তারা খুব ভালো ক্রিকেট খেলেছে। সফরটিতে সাফল্যের আকাঙ্ক্ষার কথা জানিয়ে ২৬ বছর বয়সী এই অধিনায়ক বলেন, এটা একটি কঠিন সফরই হবে। তবে আমরা ভালোভাবেই প্রস্তুত, কন্ডিশনের সাথে মানিয়ে নিতে পারবো এবং সফরটি সফল হবে।
দলের নতুন তরুণ খেলোয়াড়দের নিয়ে এরকম বিদেশি কন্ডিশনে খেলাটা দেশের বাইরে অস্ট্রেলিয়ার রেকর্ডের উন্নতি করার জন্য সুবর্ণ সুযোগ বলেও জানান তিনি।
এশিয়ায় গত ১৫টি টেস্টের মধ্যে মাত্র একটিতেই জয় পেয়েছে অস্ট্রেলিয়া। একমাত্র জয়ও সেই ২০১১ সালে শ্রীলঙ্কার গল টেস্টে। এই পরিসংখ্যানে আরো জয়ের সংখ্যা বাড়ানোর ইচ্ছার কথা জানান স্মিথ।
আগামী ২৮শে সেপ্টেম্বর দুটি টেস্ট খেলতে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া। ৯ অক্টোবর প্রথম টেস্ট চট্টগ্রামে এবং ১৮ই অক্টোবর দ্বিতীয় টেস্ট ঢাকায় অনুষ্ঠিত হবে।







