বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াইয়ে নাক গলাতে প্রস্তুত লন্ডনের গোলমেলে আবহাওয়া। স্থানীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, ওভালে হতে যাওয়া ম্যাচে হানা দিতে পারে বৃষ্টি। বাংলাদেশ সময় সোমবার সন্ধ্যা ৬.৩০মিনিটে শুরু হবে টাইগার-অজি মহারণ।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিকে থাকতে এদিন অস্ট্রেলিয়ার বিপক্ষে জিততেই হবে বাংলাদেশকে। গ্রুপপর্বের প্রথম ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের কাছে হেরেছে টাইগাররা। অজিদের কাছেও ম্যাচটা সমান গুরুত্বপূর্ণ। নিজেদের প্রথম ম্যাচে বৃষ্টির কারণে নিউজিল্যান্ডের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে স্মিথদের। বাঁচা-মরার এমন ম্যাচের আগেই কিনা ঘুরেফিরে আসছে বৃষ্টি শঙ্কার বিষয়টি।
শঙ্কার মাত্রা এতটাই যে এমন প্রশ্নও উঠছে, ম্যাচটা হবে তো? দিবা-রাত্রির ম্যাচটি শুরু লন্ডনের স্থানীয় সময় দুপুর দেড়টায়। সেখানকার আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে, দুপুর একটা থেকেই ওভালের আকাশ থাকবে মেঘাচ্ছন্ন। বিকাল চারটা নাগাদ সেটা গুড়িগুড়ি বৃষ্টিতে রূপান্তরের সম্ভাবনা আছে। রাত ১০টা পর্যন্ত চলবে সেই হালকা বৃষ্টি। আর রাত একটার দিকে হতে পারে ভারি বর্ষণ।

ওয়ানডে ক্রিকেটের নিয়ম অনুযায়ী দুই ইনিংস মিলিয়ে কমপক্ষে বিশ ওভার করে বল মাঠে গড়াতে হবে। লন্ডনে আবহাওয়ার যে পরিস্থিতি তাতে শেষ পর্যন্ত খেলা যদি মাঠে না গড়ায়, বাংলাদেশের সেমিফাইনাল স্বপ্ন ধূসর হয়ে যাবে। প্রথম ম্যাচে হার, বেকায়দায় থাকা টাইগাররা গুরুত্বপূর্ণ অজি ম্যাচ পয়েন্ট ভাগাভগি করতে বাধ্য হলে নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচে জয় পেলেও তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর ম্যাচের ফলের দিকে।









