গত অক্টোবরে বাংলাদেশ সফরে দুই টেস্টে করেছিলেন মাত্র ২৪ রান। তাই পরে দলে আর জায়গাই পাননি গ্যারি ব্যালান্স। অবশেষে আট মাসের অপেক্ষা শেষে জাতীয় দলের হয়ে সাদা পোশাকের খেলায় ফিরছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। সাউথ আফ্রিকার বিপক্ষে ঘোষিত ১২ জনের টেস্ট দলে আছেন তিনি।
মেহেদী হাসান মিরাজের আলো ছড়ানো অভিষেক সিরিজে ম্লান হয়ে গিয়েছিলেন ব্যালান্স। ভারতের বিপক্ষে টেস্ট দলেও আর জায়গা হয়নি। কাউন্টি ক্রিকেটে ফিরেই আবার ফিরেছেন রানের ধারায়। কুমার সাঙ্গাকারার পর ইয়র্কশায়ারের হয়ে ইংলিশ ঘরোয়া ক্রিকেটে এই মৌসুমে তুলেছেন ১০১.৮৮ গড়ে ৮১৫ রান। তাই তাকে দলের বাইরে রাখার সাহস দেখাননি ইংলিশ নির্বাচকরা।
প্রোটিয়াদের বিপক্ষে টেস্টে অধিনায়ক হিসেবে অভিষেক হতে পারে জো রুটের। সাবেক অধিনায়ক অ্যালিস্টার কুকের জায়গায় নেতৃত্ব পাওয়া রুটের জন্য বড় চ্যালেঞ্জ হতে যাছে এই টেস্ট সিরিজ। অভিষেক টেস্টে রুট পাবেন না চোটে আক্রান্ত দুই পেসার জ্যাক বল এবং ক্রিস ওকসকে। অভিষেক হতে পারে ডানহাতি পেসার টোবি রোল্যান্ডের। আর বাদ পড়ছেন ‘বেবি বয়কট’খ্যাত হাসিব হামিদ।
সাউথ আফ্রিকার বিপক্ষে ইংলিশ টেস্ট দল:
জো রুট, অ্যালিস্টার কুক, মইন আলি, জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, গ্যারি ব্যালান্স, স্টুয়ার্ট ব্রড, লিয়াম ডওসন, কিটন জেনিংস, টোবি রোল্যান্ড-জোন্স, বেন স্টোকস, মার্ক উড।









