আধুনিক বাংলা গানের কিংবদন্তী সংগীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণে শুধু পশ্চিম বাংলার শ্রোতাদর্শকই নয়, কাঁদছে বাংলাদেশও।
গুণী এই শিল্পীর প্রয়াণে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি বাংলাদেশের মুক্তিযুদ্ধে সন্ধ্যা মুখার্জীর অবদানের কথাও স্মরণ করেন তিনি।
শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘উপমহাদেশে গানের মুগ্ধতা ছড়ানোর পাশাপাশি মহান মুক্তিযুদ্ধে সন্ধ্যা মুখোপাধ্যায়ের অবদান স্মরণীয় হয়ে থাকবে।’
বাংলাদেশের মুক্তিযুদ্ধে পরোক্ষভাবে বিশেষ ভূমিকা পালন করেন সন্ধ্যা মুখোপাধ্যায়। ১৯৭১ সালে ভারতে আশ্রয় নেয়া শরণার্থীদের জন্য অর্থ সংগ্রহ থেকে শুরু করে বাংলাদেশের জন্য বিশ্বব্যাপী সচেতনতা গড়ে তোলা, সবকিছুতে সরাসরি অংশ নেন তিনি।
এছাড়া স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জন্য দেশাত্মবোধক গান রেকর্ড করা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়েও গান গেয়েছেন তিনি। ১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে ফিরে আসেন স্বাধীন বাংলার মাটিতে। আবিদুর রহমানের লেখা এবং সুধিন দাস গুপ্তের সংগীতায়োজনে জাতির জনকের ঐতিহাসিক প্রত্যাবর্তনকে স্মরণীয় করতে সন্ধ্যা মুখোপাধ্যায় সেই সময়ে গেয়েছিলেন ‘বঙ্গবন্ধু ফিরে এলে’। ১৯৭২ সালের ১০ জানুয়ারি গানটি প্রথম প্রচারিত হয় আকাশ বাণীতে।
বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রথম ২১ ফেব্রুয়ারিতে ঢাকার পল্টন ময়দানে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল তাতেও বিদেশী শিল্পীদের মধ্যে অন্যতম ছিলেন সন্ধ্যা মুখার্জী।







