নিজেদের মাটিতে প্রথমবারের মতো দিবা-রাত্রির টেস্ট খেলতে বিশেষ আগ্রহী পাকিস্তান। ইচ্ছা পূরণে বাংলাদেশকে পাশে চাইছে তারা। আগামী বছরের শুরুতে টাইগারদের সিরিজের সূচি আছে পাকিস্তানে, তখন করাচি টেস্টটি গোলাপি বলে খেলতে বিসিবিকে প্রস্তাব দেবে পিসিবি।
দশ বছরের খরা কাটিয়ে আবারও নিজেদের মাটিতে টেস্ট আয়োজন করতে চলেছে পাকিস্তান। ২০০৯ সালে করাচিতে যাদের টিম বাসে সন্ত্রাসী হামলার পর আন্তর্জাতিক ক্রিকেট নির্বাসনে গিয়েছিল দেশটিতে, সেই শ্রীলঙ্কার হাত ধরেই টেস্ট ফিরছে পাকিস্তানে।
এই ডিসেম্বরেই শ্রীলঙ্কা যাচ্ছে পাকিস্তান। সেই সিরিজ ভালোভাবে হয়ে গেলে বাংলাদেশকেও আনা সম্ভব বলে জোর বিশ্বাস পিসিবির। তখন ঘরের মাটিতে প্রথম দিবা-রাত্রির টেস্ট আয়োজনও সেরে ফেলতে চায় বোর্ডটি।
নতুন বছরের জানুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে ২ টেস্ট ও ৩ টি-টুয়েন্টির সিরিজ খেলার কথা বাংলাদেশের। বিসিবির আগ্রহ নিরপেক্ষ ভেন্যু, তবে পিসিবির চাপে দেশটিতে নিরাপত্তা প্রতিনিধি পাঠাতে হচ্ছে। যাদের প্রতিবেদন ইতিবাচক হবে বলেই বিশ্বাস পিসিবির।
গত মাসে ভারতের বিপক্ষে ইডেনে নিজেদের ও উপমহাদেশের প্রথম দিবা-রাত্রির টেস্ট খেলে ফেলেছে বাংলাদেশ। দলগুলো এখন প্রতি সিরিজেই একটি করে গোলাপি বলের টেস্ট রাখতে আগ্রহী। পাকিস্তানও চাইছে সেরকমই।








