বিশ্বকাপে ইংল্যান্ডের প্রথম দুই ম্যাচে সেরা একাদশে ছিলেন। সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে জেতার পর পাকিস্তানের বিপক্ষে হাই-স্কোরিং ম্যাচে হেরে যায় ইংল্যান্ড। সেই হতাশাজনক হারের পর বাংলাদেশের বিপক্ষে একাদশে দেখা যায়নি ইংলিশ অলরাউন্ডার মঈন আলিকে।
প্রোটিয়াদের বিপক্ষে বল হাতে ৬৩ রান খরচ করে উইকেট পেয়েছিলেন একটি। ব্যাট হাতেও ব্যর্থ। করতে পারেন মাত্র ৩ রান। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে তিন উইকেট নিলেও ব্যাটে আবারো ব্যর্থ।
প্রথম দুই ম্যাচে পারফরম্যান্স খুব একটা ভালো নয়। কিন্তু বাংলাদেশের বিপক্ষে শুধুই কী পারফরম্যান্সের কারণে ছিলেন না মঈন? টসের সময় এক পরিবর্তনের কথা বললেও কিছুই পরিষ্কার করেননি অধিনায়ক ইয়ন মরগান।
তাহলে পারফরম্যান্সের বাইরে কী অন্য কোনো কারণ ছিল, যার জন্য ম্যাচে ছিলেন না মঈন?
হ্যাঁ। ব্রিটিশ মিডিয়া জানাচ্ছে, শুধু পারফরম্যান্স নয়, অন্য একটি কারণেও ম্যাচে ছিলেন না মঈন। সেটা স্ত্রীর পাশের থাকার কারণে। তার স্ত্রী সন্তানসম্ভবা। দ্বিতীয়বারের মতো বাবা হতে যাচ্ছেন মঈন। তাই স্ত্রীর পাশে থাকতেই বাংলাদেশ ম্যাচে ছিলেন না।
মঈন না থাকার ম্যাচে তার জায়গায় ইংল্যান্ড একাদশে ডাক পান পেসার লিয়াম প্লাঙ্কেট। সুযোগটা বেশ ভালোভাবেই কাজে লাগিয়েছেন তিনি। প্রথমে ব্যাট হাতে ৯ বলে ২৭ রান, পরে বল হাতেও একটি উইকেট নেন প্লাঙ্কেট।
ম্যাচে বাংলাদেশকে ৩৮৭ রানের কঠিন টার্গেট ছুঁড়ে দিয়ে ইংল্যান্ড শেষ পর্যন্ত ম্যাচ জেতে ১০৬ রানের বড় ব্যবধানে। আগামী ১৪ জুন নিজেদের চতুর্থ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে ইংল্যান্ড।







