বিশ্ব ক্রিকেট আরও একবার চমৎকৃত! অপার মুগ্ধতা! রোববার ইংল্যান্ড জুড়ে এগারো বাংলাদেশির ‘বাঘ’ হয়ে ওঠার গল্প!
গত বিশ্বকাপে ‘সাবালক’ হয়েছিল বাংলাদেশ। ওই বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে খেলে তারা। এই বিশ্বকাপের শুরুতেই চমক। তবে, একে ‘অঘটন’ কি বলা যাবে? বাংলাদেশ দল ও সমর্থকদের এমন বলা নিয়ে প্রবল আপত্তি আছে। আপত্তি আছে সাবেক গ্রেট ক্রিকেটার এবং বিশেষজ্ঞ মহলেও।
ইয়ান বিশপের মতো ক্যারিবিয়ান সাবেক ক্রিকেটার বলেই দিয়েছেন, ‘বাংলাদেশ সম্পর্কে গত কয়েক বছর ধরে ধারণাটা যে বদলে গেছে, সেটা তারা আবার প্রমাণ করল। দল হিসেবে তারা যে শক্তিশালী হয়ে উঠেছে, সেটা দেখিয়ে দিল।’
আর যে সাউথ আফ্রিকাকে হারিয়েছে বাংলাদেশ সেই দেশের সাবেক অধিনায়ক গ্রাহাম স্মিথ বলেছেন, ‘বাংলাদেশ বড় রান তুলেছিল ঠিকই, তবে সেটা সাউথ আফ্রিকা তুলতেই পারত। সাকিব-মুশফিকুরের পার্টনারশিপ আর দলীয় ডিসিপ্লিনই তাদের জেতাল।’
এ জয়কে কোনো অঘটন বলতে চান না পাকিস্তানের ক্রিকেট সাংবাদিক মাজহার আরশাদ। ব্যাট হাতে ৩৩০ রানের বিশাল সংগ্রহ জমা করে বাংলাদেশ।
দুর্দান্ত ব্যাটিংয়ের প্রশংসা করেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার মাইকেল ভনও। বিশ্বকাপে বাংলাদেশ ডার্ক হর্স হয়ে উঠতে পারে বলে মনে করেন ইংলিশ সাবেক এ অধিনায়ক।
ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ লিখেছেন, ‘বাংলাদেশের দারুণ জয়। অলরাউন্ড ব্যাটিং পারফরম্যান্স এবং বোলাররা সাউথ আফ্রিকাকে অনায়াসে রান করতে দেয়নি।’
আরেক সাবেক ভারতীয় ভিভিএস লক্ষ্মণ লিখেছেন, ‘বিশ্বকাপের প্রথম ম্যাচ, ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ দলীয় স্কোর করার জন্য কি দারুণ দিন! কৌশলগত দিক দিয়ে তারা দুর্দান্ত ছিল। পাশাপাশি শেষে সাউথ আফ্রিকার মজুদে পর্যাপ্ত ফায়ার পাওয়ারও ছিল না।’
টাইগার অধিনায়ক মাশরাফীকে ‘বিচক্ষণ ও দূরদর্শী’ হিসেবে দেখছেন ভারতের সাবেক ক্রিকেটার ও বর্তমান বিশ্লেষক-ভাষ্যকার আকাশ চোপড়া। তিনি টুইটে লিখেছেন, ‘মাশরাফী টপ ক্লাস ক্যাপ্টেন। এশিয়া থেকে বের হওয়া সেরাদের একজন।’
সাউথ আফ্রিকার সাবেক ক্রিকেটার জন্টি রোডস বলেছেন, বাংলাদেশকে দেখে সাউথ আফ্রিকার বোলাররা বোলিং শিক্ষা নিক।
একই দেশের হার্শেল গিবস বলেন, ‘বাংলাদেশ দলে বাঁহাতি পেসার দেখে ভালো লেগেছে। আমাদের উচিত পরবর্তী বিশ্বকাপের আগে একজন বাঁহাতি পেসার তৈরি করা। আমি যেটা পূর্বে বলেছিলাম, আমাদের বোলিং আক্রমণে বৈচিত্র্যের অভাব রয়েছে।’
টাইগারদের প্রশংসা করে শ্রীলঙ্কা সাবেক অলরাউন্ডার ও বর্তমান ধারাভাষ্যকার রাসেল আর্নল্ড লিখেছেন, ‘সাবাস দ্য বাংলাদেশ! দারুণ জয়। টুর্নামেন্টের দুর্দান্ত শুরু!!’
আরেক ধারাভাষ্যকার ভারতের হার্শা ভোগলে লিখেছেন, ‘বাংলাদেশের খুবই মনোমুগ্ধকর খেলা। ব্যাটিং বেশ শক্তিশালী মনে হচ্ছে এবং তাদের দারুণ নেতৃত্ব দেয়া হচ্ছে। সাউথ আফ্রিকার নিজেদের নিয়ে কাজ করার অনেক জায়গা আছে।’
বাংলাদেশের প্রশংসা করেছেন একসময় অহরহ কটাক্ষ করা ভারতের সাবেক ব্যাটসম্যান বীরেন্দ্র শেবাগও। শেবাগ বলেন, ‘অভিনন্দন বাংলাদেশ। বেশ ভালো খেলেছ। জয়টা তোমাদের প্রাপ্য ছিল।’
বাংলাদেশের ব্যাটিংয়ের প্রশংসা করে টুইট করেন পাকিস্তানের সাবেক স্পিড-স্টার শোয়েব আখতার। রাওয়ালপিন্ডি এক্সপ্রেস সাউথ আফ্রিকার ইনিংস শুরুর আগেই বাংলাদেশের ব্যাটিং শৈলীর প্রশংসা করেন। বাংলাদেশের বোলারদের পারফরম্যান্স দেখার জন্য মুখিয়ে ছিলেন, এটিও পরিস্কার করেন টুইট বার্তায়। শোয়েব বলেন, ‘কী নিখাদ পারফরম্যান্স প্রদর্শন করল বাংলাদেশ। দেখা যাক, বোলাররা ৩৩০ রান দিয়ে কীভাবে জয় ছিনিয়ে আনেন।’







