নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত’র থেকে কিছুটা দায়িত্ব সরিয়ে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংক্ষিপ্ত সংস্করণে নতুন অধিনায়ক ডানহাতি ওপেনার লিটন কুমার দাস। তার কাঁধে চড়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-টুয়েন্টি সিরিজ খেলতে যাবে বাংলাদেশ। তার আগে সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন বললেন, বাংলাদেশের অধিনায়কত্ব করা অনেক কঠিন।
রোববার দুপুরে দলের অনুশীলন শুরুর আগে গণমাধ্যমে কথা বলেন সালাউদ্দিন। অধিনায়কত্ব নিয়ে বলেন, ‘বাংলাদেশ দলের অধিনায়ক মানে পুরো দেশের অধিনায়ক। এটা আমাদের মানতে হবে। আপনারা হয়তো অনেকেই অপছন্দ করেন, অনেককে অধিনায়ক দিলে হয়তো আপনাদের মাথা গরম হয়ে যায়। কিন্তু আপনারা বাইরে যেমন মনে করেন বিষয়টি মোটেও তেমন না।’
‘অনেকের মনে হতে পারে অধিনায়কত্ব করতে পারা সহজ। কিন্তু আসলে এটা মোটেও সহজ কাজ না। এটা অনেক কঠিন কাজ এবং তার জন্য আমাদের সকলের সহযোগিতা করতে হবে। আর আপনারা যারা বাইরে থেকে মনে করেন বাংলাদেশের অধিনায়কত্ব করা অনেক সহজ তারা ভুল রাজ্যে আছেন।’
অধিনায়ক নির্বাচন প্রসঙ্গে সালাউদ্দিন বললেন, ‘অধিনায়ক কাউকে দিয়ে বানানো যায় না, এটা সহজাত প্রবৃত্তি, সবাই দায়িত্ব নিতেও পারে না। যে দায়িত্বে থাকে সে পুরো বাংলাদেশের প্রতিনিধিত্ব করে, তার উপর অনেক চাপ থাকে। তাকে সেই সমর্থনটা দেয়া আমাদের নৈতিক দায়িত্ব।’
আগামী ১৭মে সংযুক্ত আরব আমিরাতে দুই টি-টুয়েন্টি সিরিজের প্রথমটি গড়াবে। শেষটি হবে ১৯মে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।








