বাংলাদেশের বিপক্ষে টেস্টটি আফগানিস্তানের তো বটেই, মোহাম্মদ নবিরও ক্যারিয়ারের মাত্র তৃতীয় টেস্ট। এ কয়টি টেস্ট খেলেই বড় ফরম্যাটের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন আফগান অলরাউন্ডার। বোর্ডকে বলে দিয়েছেন, চট্টগ্রামের টেস্টটি হবে সাদা পোশাকের ক্রিকেটে তার শেষ ম্যাচ।
চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে আফগানিস্তান দলের ম্যানেজার নাজিম জার আব্দুর রহিম জাই সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন নবির টেস্ট থেকে অবসরের বিষয়টি। সাদা পোশাকে না খেললেও সাদা বলের যেকোনো ফরম্যাটে খেলতে প্রস্তুত ৩৪ বছর বয়সী আফগান তারকা।
‘মাত্র তৃতীয় টেস্ট খেলতে নেমেই নবি জানিয়ে দিয়েছে, সে টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়াচ্ছে। এটাই তার শেষ ম্যাচ। খুব দ্রুতই সে সিদ্ধান্তটা নিলো।’
মানেজার হিসেবে নবিকে শুভ কামনা জানিয়েছেন আব্দুর রহিম জাই, ‘আমি চাই সে ভালো খেলুক। সে আজকে (শুক্রবার) ভালো খেলেছে। সে চায় তরুণরা আরও বেশি করে টেস্ট ক্রিকেটের প্রতি উৎসাহী হোক। নতুনদের জায়গা করে দিতেই তার এই উদ্যোগ। আফগানিস্তানের হয়ে টি-টুয়েন্টি ও ওয়ানডে দলে সে অবশ্য থাকছে।’
বয়স ৩৪ হলেও নবির ফিটনেস ও পরিসংখ্যান বলছে আব্দুর রহিম জাইয়ের কথাই ঠিক। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে আফগানদের হয়ে সর্বোচ্চ ২২ ওভার বল করেছেন তিনি। শুরু থেকেই দলটির প্রধান ভরসার জায়গা ছিলেন। দলের প্রথম তারকা বলতে তাকেই বোঝায়।
জাতীয় দল ছাড়াও টি-টুয়েন্টি লিগগুলোতে যথেষ্ট চাহিদা আছে তার। আইপিএল, বিপিএল ছাড়াও নিয়মিত খেলেন বিগব্যাশ, কাউন্টি ক্রিকেটে। কেন্টের হয়ে কদিন আগেই ভাইটালিটি টি-টুয়েন্টি লিগে ৮ উইকেটের সঙ্গে করেছেন ১৪৭ রান।









