যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে লেবার পার্টি থেকে বাংলাদেশী বংশোদ্ভূত তিন প্রার্থী জয়লাভ করেছেন। তারা হলেন- বঙ্গবন্ধুর নাতনী টিউলিপ রেজওয়ান সিদ্দিক, রূপা হক এবং রুশনারা আলী।
জয়টা অনেকটা নিশ্চিতই ছিল বঙ্গবন্ধুর নাতনী, শেখ রেহানার কন্যা টিউলিপের। ১৫ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে হ্যাম্পস্টেড ও কিলবার্ন আসন থেকে দ্বিতীয়বারের মতো তিনি জয়ী হন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসন থেকে টিউলিপ পেয়েছেন প্রাপ্ত ভোট ৩৪ হাজার ৫৬৪ ভোট। তার প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ দলের প্রার্থী ক্লেয়ার লুইচ লিল্যান্ডের প্রাপ্ত ভোট ১৮ হাজার ৯০৪ ভোট।
জয় পরবর্তী এক বক্তৃতায় তিনি বলেছেন, হ্যাম্পস্টেড ও কিলবার্নের মুখপাত্র হয়ে ওয়েস্টমিনিস্টারে কথা বলবেন।
টিউলিপের পাশাপাশি বড় ব্যবধানে জয়ী হয়েছেন আরেক বাংলাদেশী বংশোদ্ভূত প্রার্থী রূপা হক। লন্ডনের ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসন থেকে প্রার্থী । ১৪ হাজার ভোটে জিতেছেন তিনি। তার প্রাপ্ত ভোট ৩৩ হাজার ৩৭ ভোট। এই জয়ে দ্বিতীয়বারের মতো ব্রিটিশ পার্লামেন্টে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন রূপা হক।
এদিকে তৃতীয়বারের মতো জয়ী হয়েছেন রুশনারা আলী। বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের বেথনাল গ্রিন ও বো আসন থেকে তিনি জয়ী হন। রুশনারা প্রায় ৪২ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। এর আগে সর্বশেষ নির্বাচনে প্রায় ২৫ হাজার ভোটের ব্যবধানে জিতেছিলেন রুশনারা আলী।
এবারের নির্বাচনে ১৪ জন বাংলাদেশী প্রতিদ্বন্দ্বিতা করেছেন, এর মধ্যে আটজনই লেবার পার্টির হয়ে, বাকিদের চারজন স্বতন্ত্র প্রার্থী, লিবারেল ডেমোক্রেট ও ফ্রেন্ডস পার্টির হয়ে লড়েছেন একজন করে।







