কুড়িগ্রামের রৌমারী উপজেলার সীমান্ত এলাকা থেকে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারের চাচাত ভাই দাতাউর রহমানের (২৬) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার দুপুরে সীমান্তে আন্তর্জাতিক সীমানার ১০৭২ নম্বর পিলারের কাছে ব্যাপারী পাড়ার বাঁশ ঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনাকে হত্যাকাণ্ড উল্লেখ করে চ্যানেল আই অনলাইনকে ইমরান এইচ সরকার বলেন, ‘লাশটি বাড়ি থেকে বেশ ভেতরে জঙ্গলে পাওয়া গেছে। এমনকি লাশ পাওয়ার
স্থানে ধস্তাধস্তির চিহ্ণও রয়েছে। কিন্তু শরীরে কোন আঘাতের চিহ্ণ নেই। এটা
স্পষ্টই হত্যাকাণ্ড।’
রৌমারী থানার অফিসার ইনচার্জ এ বি এম সাজেদুল ইসলাম জানান, সুরতহাল রিপোর্টে শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। গলার দাগও বোঝা যায় না। কাজেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার বিষয়টি যথেষ্ট সন্দেহজনক।
ইমরান এইচ সরকার বলেন, ‘আমাদের ওই অঞ্চলে সাধারণত হত্যাকাণ্ডের ঘটনা নেই বললেই চলে। তাছাড়া দাতাউরকে কেউ হত্যা করতে পারে এমন মানুষ সে না। সে গ্রামের অত্যন্ত সাধারণ মানুষ।’
তিনি জানান, পারিবারিক সিদ্ধান্তে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
তবে পুলিশ বলছে, নিহতের পরিবার থেকে মামলায় আগ্রহী না হওয়ায় পুলিশ বাদি হয়ে অপমৃত্যু মামলা করেছে। মরদেহ ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে।










