চট্টগ্রামের বাঁশখালীর গন্ডামারা ইউনিয়নে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণকে কেন্দ্র করে সোমবার ৪ জন নিহত হওয়ার ঘটনায় বুধবার সেখানে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ছাত্র ঐক্য ফোরাম।
এর আগে তিন হাজার জনকে আসামি করে তিনটি আলাদা মামলা করেছে পুলিশ। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে তদন্ত কমিটি করেছে জেলা প্রশাসন।
বেসরকারী প্রতিষ্ঠান এস আলম গ্রুপের নির্মাণাধীন কয়লা ভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে কর্মী, পুলিশ ও আনসারের সাথে এলাকাবাসীর ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কমপক্ষে অর্ধশতাধিক আহতের ঘটনা ঘটে।
কয়লা ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণকে ঘিরে বাঁশখালীতে পক্ষে বিপক্ষে এলাকাবাসী দুগ্রুপে বিভক্ত হয়ে সোমবার একই জায়গায় সমাবেশের ডাক দেয়। এতে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসির নেতৃত্বে পুলিশ, আনসার ঘটনাস্থলে উপস্থিত হলে এলাকাবাসী ১৪৪ ধারা ভঙ্গ করে তাদের উপর হামলা চালায়। এ সময় পুলিশ ব্যাপক গুলিবর্ষণ করে।
আহতদের হাসপাতালে আনার পথে ৩ জন এবং চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পর আরো ১ জন মারা যায়।







