স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার এবং ক্যামেরুন বেনক্রফট বুধবার অস্ট্রেলিয়া ফিরে যাচ্ছেন।
কেপ টাউন টেস্টের তৃতীয় দিন টিভি ফুটেজে তাদের বল টেম্পারিংয়ের বিষয়টি ধরা পড়ে। দেখা যায়, পকেট থেকে হলুদ এক টুকরো কাপড়ের মতো কিছু বের করে বলে ঘষেছেন বেনক্রফট। পরে সেটি লুকিয়ে রাখেন ট্রাউজারের ভেতর।
দিনের খেলা শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে স্মিথ স্বীকার করেন, দলের ‘লিডারশিপ গ্রুপ’ মিলেই টেম্পারিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। বেনক্রফটও বলেন, এই ঘটনার পেছনে অধিনায়কের অনেক ভূমিকা ছিল।
আইসিসি থেকে তারা শাস্তি পেয়েছেন। ক্রিকেট অস্ট্রেলিয়া ঘটনার তদন্ত করতে সাউথ আফ্রিকায় প্রতিনিধি দল পাঠিয়েছে। প্রতিনিধি দলের প্রধান ইয়ান রয় জানিয়েছেন, প্রাথমিক তদন্তে তারা কোচ ড্যারেন লেহম্যানের দোষ খুঁজে পাননি। টেম্পারিংয়ের সঙ্গে শুধুমাত্র ‘এই তিনজন জড়িত’। আগে থেকে কোচ কিছুই জানতেন না। তাই দলের সঙ্গে তিনি সাউথ আফ্রিকায় থেকে দায়িত্ব চালিয়ে যাবেন।
টিভি ফুটেজে অবশ্য দেখা গেছে, লেহম্যান ওয়াকিটকির মাধ্যমে সাইড লাইনে থাকা দ্বাদশ খেলোয়াড়কে কিছু একটা বলছেন।
আরও পড়ুন: বল টেম্পারিং কী এবং কেন?
শুক্রবার থেকে শুরু হতে যাওয়া চতুর্থ টেস্টের জন্য সাউথ আফ্রিকায় যাচ্ছেন ম্যাট রেনশ, গ্লেন ম্যাক্সওয়েল এবং জো বার্নস।
স্মিথ-ওয়ার্নাররা দায়িত্ব ছাড়ার পর নিউল্যান্ডসে চতুর্থদিন অধিনায়ক ছিলেন টিম পেইন। সামনের টেস্টেও তিনি অধিনায়ক থাকবেন।
এমন পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার সাধারণ মানুষ ক্ষেপে উঠেছে। শুক্রবার ম্যাচ হলেও প্রবাসীদের হাত থেকে বাঁচতে বুধবার অজিরা অনুশীলন করবে না।








