বল টেম্পারিংয়ের অভিযোগ প্রমাণিত হলে আরও বড় শাস্তি দিতে চায় আইসিসি। কিন্তু বর্তমান নীতিমালায় সেটি সম্ভব নয়। তাই আইন পরিবর্তনের কথা ভাবছে ক্রিকেটের অভিভাবক সংস্থাটি।
বল টেম্পারিং নিয়ে ক্রিকেটবিশ্বে এখন তোলপাড় চলছে। অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ, সহঅধিনায়ক ডেভিড ওয়ার্নার ১২ মাসের জন্য নিষিদ্ধ হয়েছেন। বেনক্রফট ৯ মাস। তবে এই শাস্তি আইসিসি দিতে পারেনি। দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
আইসিসি স্মিথকে এক ম্যাচ নিষিদ্ধ আর জরিমানা করতে পেরেছে। বেনক্রফটকে ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা এবং তিনটি ডিমেরিট পয়েন্ট দিয়েছে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তে টেম্পারিংয়ের হোতা প্রমাণিত হওয়া ওয়ার্নারকে কোনো শাস্তিই দিতে পারেনি আইসিসি। কারণ ঘটনার সঙ্গে প্রত্যক্ষ কিংবা দৃশ্যমান কোনো যোগাযোগ তার ছিল না।
অস্ট্রেলিয়া-সাউথ আফ্রিকা সিরিজে স্লেজিং নিয়েও বেশ সোরগোল হয়েছে। রিচার্ডসন জানিয়েছেন, মাঠে খেলোয়াড়দের আচরণের শাস্তির বিষয়টিও তারা ভেবে দেখতে চান।
আইসিসির ওয়েবসাইটে লেখা এক ব্লগে প্রধান নির্বাহী রিচার্ডসন বলছেন, ‘সাম্প্রতিক ঘটনা চোখ খুলে দিয়েছে। শাস্তির বিষয়টি আমাদের ভেবে দেখা প্রয়োজন। বিশেষ করে বল টেম্পারিংয়ের বিষয়টি।’
এসব ঘটনাকে স্মরণকালের অন্যতম বাজে বলে উল্লেখ করেছেন তিনি।








