বলিউডে একটা কথা প্রচলিত আছে যে দুই নায়িকা কখনোই বান্ধবী হতে পারে না। প্রতিযোগিতা কিংবা হিংসার কারণেই নাকি বন্ধুত্ব হয়না তাদের। তবে এই ব্যাপারে একদমই একমত নন আলিয়া ভাট। জানালেন বলিউডেরই আরেক নায়িকা তার সবচেয়ে কাছের বান্ধবী।
বলিউডে আলিয়ার কাছের বান্ধবী হলেন ক্যাটরিনা কাইফ। আলিয়া বলেন, ‘বলিউডে আমার অনেক বন্ধু আছে। আয়ান মূখার্জি এবং অভিষেক বর্মণ, দুজন পরিচালকই আমার খুব কাছের বন্ধু। করণ জোহার আমার বাবার মত। আর আমার খুব পছন্দের মানুষ এবং কাছের বান্ধবী হল ক্যাটরিনা।’
এখন পর্যন্ত একসাথে কোনো ছবিতে কাজ করার সুযোগ না হলেও প্রায়ই পার্টিতে দেখা যায় এই দুই তারকাকে। সামাজিক মাধ্যমেও একে অপরের প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা যায় দুই বান্ধবীকে।
এই মুহূর্তে আলিয়া রণবীর সিংয়ের বিপরীতে ‘গুল্লি বয়েজ’, সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে ‘আশিকি ৩’ আর রণবীর কাপুরের বিপরীতে কমেডি সাইন্স-ফিকশন ছবি ‘ড্রাগন’–এর কাজ নিয়ে ব্যস্ত আছেন। অন্যদিকে ক্যাটরিনা কাইফ রণবীর কাপুরের বিপরীতে অভিনয় করেছেন ‘জাগগা জাসুস’ ছবিতে। ছবিটি মুক্তির অপেক্ষায় আছে। বর্তমানে তিনি সালমানের সঙ্গে ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত আছেন। টাইমস অব ইন্ডিয়া।







