বর্তমান পদ্ধতি মেনেই বিএনপিকে নির্বাচনে আসতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের রোববার রাজধানীর বঙ্গবন্ধু এ্যাভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় একথা বলেন।
তিনি এসময় বলেন, নির্বাচন প্রশ্নবিদ্ধ করার জন্য ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা করছে বিএনপি। পানি ঘোলা করে সময় এলে বিএনপি নির্বাচনে অংশ গ্রহণ করবে। নিয়মের বাইরে অন্য কোনো পথ নেই। বিএনপিকে নিয়ম মেনেই নির্বাচনে আসতে হবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশেও সেভাবে নির্বাচন হবে। শেখ হাসিনার সরকারের অধীনে নির্বাচন হবে না, নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে। সরকার অবাধ, সুষ্ঠু, সুন্দর নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে। এটাই নিয়ম, এর বাইরে অন্য কোনো পথ নেই। বিএনপিকে এ পদ্ধতি মেনেই নির্বাচনে আসতে হবে।
বিএনপি ব্যর্থ রাজনৈতিক দল মন্তব্য করে তিনি বলেন, বিএনপির কথায় শেখ হাসিনা পদত্যাগ করবে না। শেখ হাসিনা সরকারের অধীন জাতীয় নির্বাচন হবে।
পদ্মাসেতু উদ্বোধন হবে এই কথা শুনলেই বিএনপির মুখ কালো হয়ে যায় উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে আছে বলেই বাংলাদেশ আজ ভালো আছে। শেখ হাসিনার জন্যই পথ হারায়নি বাংলাদেশ।
মৎস্যজীবী লীগের সভাপতি সায়ীদুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, মৎস্যজীবী লীগের সাধারণ সম্পদাক শেখ আজগর নস্কর, মৎস্যজীবী লীগের কার্যকরী সভাপতি মো. সাইফুল আলম মানিক, সহ সভাপতি আবুল বাশার মুহাম্মদ আলম ।







