বর্ণিল আয়োজনে জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগ- বিপিএল ফুটবলের লোগো, থিম সঙ এবং ট্রফি উন্মোচন হয়েছে।
আগামী ২৪ জুলাই থেকে ৪টি ভেন্যুতে খেলা হবে।
প্রিমিয়ার লিগের নামকরণ করা হয়েছে জেবি (জাব ভূঁইয়ান) বাংলাদেশ প্রিমিয়ার লিগ-২০১৬। ট্রফিটি তৈরি করা হয়েছে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ট্রফির আদলে।
২০ জুলাই চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে জমকালো এক উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের নবম আসরের।
তার আগে সোমবার রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়ে গেল বিপিএলের লোগো উন্মোচন ও ট্রফি উন্মোচন অনুষ্ঠান।
অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত ছিল অন্যরকম সব আয়োজন। প্রিমিয়ার লিগ ফুটবলের লোগো উন্মোচনে এমন আয়োজন থাকতে পারে হয়তো অনেকেই ভাবতে পারেননি।
লিগে অংশ নেওয়া ১২ দলের পতাকা ও ফুটবল নিয়ে মডেলদের র্যাম্প মডেলিং করা, ১২ দলের অধিনায়কদের নিয়ে মডেলদের হোম ও অ্যাওয়ে জার্সি পরে মঞ্চে হাজির হওয়া, থিম সঙয়ের সঙ্গে নীরর ও মেহজাবিনের নাচ, যা মুগ্ধ করেছে উপস্থিত সকলকে।
সারা দেশে ফুটবল ও স্টেডিয়ামকে দশর্ক মুখর করতেই এত আয়োজন বলে জানান আয়োজকরা।
বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন বলেন, দেশে ফুটবল দর্শকদের কাছে অনেকটা পিছিয়ে পড়েছিল, এমন আয়োজন দিয়ে ফুটবল আবারো দর্শকদের হৃদয়ে ফিরে আসবে। সেই সঙ্গে সব খেলোয়াড়রাও উজ্জীবিত হবে।
লোগো উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শ্রী বীরেন শিকদার, সাইফ গ্লোবাল স্পোর্টস লিমিটেডের চেয়ারম্যান তরফদার মোহাম্মদ রুহুল আমিন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মোহাম্মদ সালাহউদ্দিন, বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদীসহ ফেডারশনের অন্যান্য কর্মকর্তা।







