রাজধানীর খিলগাঁওয়ে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ডাকাত বিল্লাল হোসেন সেলিম (৪৫) তিনি ছিলেন আন্তঃজেলা ডাকাত দলের সর্দার। সে নতুন নতুন দল গঠন করে বিভিন্ন জায়গায় ডাকাতি করতো। শুক্রবার দুপুরে ডিএমপির মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) আনোয়ার হোসেন সংবাদ সম্মেলনে এসব কথা জানান।
ডিসি বলেন, গত অক্টোবর মাসে ডাকাত দলের সদস্যরা খিলগাঁও এলাকার একটি বাসায় তিনমাসের এক শিশুকে জিম্মি করে ডাকাতি করে সব লুট করে নিয়ে যায়। পরে এ ঘটনায় খিলগাঁও থানায় একটি মামলা (নম্বর-৪৮) দায়ের করা হয়। মামলার তদন্তে ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। যাদের মধ্যে দু’জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাদের স্বীকারোক্তিতে সর্দার বিল্লালের নাম পাওয়া যায়।
বৃহস্পতিবার সন্ধ্যায় ডেমরা এলাকা থেকে বিল্লালকে গ্রেপ্তার করা হয় এবং রাত ২টার দিকে তাকে নিয়ে খিলগাঁওয়ের মোস্তফা মাঝি এলাকায় অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। এসময় সেখানে অবস্থানরত অজ্ঞাতনামা ডাকাত দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়লে বিল্লাল গুলিবিদ্ধ হয়। পরে তাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন।
তিনি আরো জানান, এ সময় ঘটনাস্থল থেকে একটি শর্টগান ৫ রাউন্ড তাজা গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। নিহত বিল্লালের নামে দেশের বিভিন্ন থানায় ১০ টি ডাকাতির মামলা পাওয়া গেছে।









