কোচের চাওয়া মতো বদলি খেলোয়াড় হিসেবে নামতে চাননি। তাই বিশ্বকাপ কোয়াড থেকে ছাঁটাই করে দেশেই পাঠিয়ে দেয়া হচ্ছে। স্ট্রাইকার নিকোলা কালিনিচের ব্যাপারে এমন কঠিন সিদ্ধান্তই নিয়েছেন ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিচ।
ঘটনা গত শনিবারের। গ্রুপ ডি এর ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে নেমেছিল ক্রোয়েশিয়া। ২-০ গোলে জিতেই মাঠ ছাড়ে ক্রোয়েটরা। ওই ম্যাচে কালিনিচকে বদলি নামাতে চেয়ে প্রত্যাখ্যাত হন তার কোচ দলিচ।
ক্রোয়েশিয়ার সংবাদমাধ্যম ২৪সাটা এক রিপোর্টে লিখেছে, সোমবার সকালে কালিনিচকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেন দালিচ। কালিনিনগ্রাদের ম্যাচে বদলি খেলোয়াড়ের তালিকায় তার নাম ছিল। কিন্তু ম্যাচের একেবারে শেষদিকে হওয়ায় বদলি নামতে অস্বীকৃতি জানান কালিনিচ।
কঠিন কোনো সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, সেটা অবশ্য জেতা ম্যাচের পর সংবাদ সম্মেলনেই ইঙ্গিত দিয়েছিলেন দালিচ। বলেছিলেন, কোনো রকমের চোট ছাড়াই দল জিতে ফিরেছে, কিন্তু একটি সমস্যার সঙ্গী করে।
৩০ বছর বয়সী কালিনিচ এসি মিলানের হয়ে খেলে আলোচনায়। আসন্ন দলবদলের বাজারে লা লিগার দল সেভিয়া তাকে স্কোয়াডে নেয়ার ব্যাপারে অনেকদূর এগিয়েছে।







