দেশের ক্রিকেটারদের মধ্যে বঙ্গবন্ধু বিপিএলে প্রথম সেঞ্চুরি এলো নাজমুল হোসেন শান্তর ব্যাটে। ২০৬ রান তাড়া করতে নেমে খুলনা টাইগার্সের এ বাঁহাতি ওপেনার ঢাকা প্লাটুনের বিপক্ষে ৫১ বলে ছুঁয়ে ফেলেছেন তিন অঙ্ক।
সেঞ্চুুরির পথে শান্ত মারেন ছয়টি ছক্কা, সাতটি চার। বিপিএলে দেশি ক্রিকেটারদের সেঞ্চুরির তালিকা খুবই ছোট। আগের ছয়টি আসরে সেঞ্চুরি পাওয়া ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুল, শাহরিয়ার নাফীস, সাব্বির রহমান ও তামিম ইকবাল।
বঙ্গবন্ধু বিপিএলে আগের দুটি সেঞ্চুরিই এসেছে বিদেশিদের ব্যাটে। প্রথম সেঞ্চুরি উপহার দেন আন্দ্রে ফ্লেচার, পরেরটি ডেভিড মালান। দেশি ব্যাটসম্যানদের মধ্যে প্রথম সেঞ্চুরি করলেন শান্ত। খুলনার অধিনায়ক মুশফিকুর রহিম আশা জাগিয়েও পারেননি দুটি ম্যাচ। ৯৬ ও ৯৮ রান করে থামেন এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান।








