জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী গ্রন্থ ‘অসমাপ্ত আত্মজীবনী’র হিন্দি ভাষার অনুবাদগ্রন্থের মোড়ক উন্মোচন হয়েছে দিল্লির হায়দরাবাদ হাউজে।
বাংলাদেশ ও ভারতের মাঝে মোট ২২টি চুক্তি ও চারটি সমঝোতা স্মারক সইয়ের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মিলে ভিডিও কনফারেন্সে দু’দেশের মধ্যে দু’টি রেল এবং একটি সড়ক সংযোগ প্রকল্প উদ্বোধন করেন। এরপর হাসিনা-মোদি একসঙ্গে বইটির মোড়ক উন্মোচন করেন।
বাংলা থেকে আত্মজীবনীর হিন্দি অনুবাদ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
‘অসমাপ্ত আত্মজীবনী’র হিন্দি সংস্করণের মোড়ক উন্মোচনের পর শেখ হাসিনা বলেন, ‘এই বইটির হিন্দি অনুবাদের জন্য আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি।’
বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীর পর্যায়ের শীর্ষ বৈঠকের পর তাদের উপস্থিতিতে প্রতিরক্ষা, ঋণ, মহাকাশ, পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার, তথ্যপ্রযুক্তি, বিদ্যুৎ ও জ্বালানিসহ বিভিন্ন খাতের চারটি সমঝোতা স্মারকসহ মোট ২২টি চুক্তি সই হয়।
এর আগে শনিবার দুপুরে ভারতের নয়া দিল্লির হায়দরাবাদ হাউসে প্রধামন্ত্রী নরেন্দ্র মোদির সাথে শীর্ষ বৈঠকে বসেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।








