যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি নৌ ঘাঁটিতে বন্দুকধারীর গুলিতে ৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৮ জন। আহতদের মধ্যে দু’ জন পুলিশ সদস্যও আছেন।
পরে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে হামলাকারীও নিহত হয়।
ফ্লোরিডার পেনসাকোলা নৌ ঘাঁটির দক্ষিণ-পশ্চিম এলাকায় স্থানীয় সময় শনিবার ভোর ৬টা ৫১ মিনিটে এ ঘটনা ঘটে বলে জানায় বিবিসি। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, হামলাকারী একজন সৌদি শিক্ষানবিশ বৈমানিক।
হামলাকারীর পরিবারের সদস্যদের জানানোর পর তার নাম প্রকাশ করা হয়। তার নাম মোহাম্মদ সায়িদ আলশামরানি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের নৌ বাহিনী।
বন্দুকধারী একটি হ্যান্ডগান ব্যবহার করেছিল বলেও জানানো হয়েছে।
চলতি সপ্তাহে মার্কিন সামরিক ঘাঁটিতে হওয়া দ্বিতীয় হামলা এটি। এর আগে গত বুধবার হাওয়াইয়ের পার্ল হারবার সামরিক ঘাঁটিতে এক নাবিকের গুলিতে দুই কর্মী নিহত হওয়ের ঘটনা ঘটে।








