কানাডায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর এবং বাংলাদেশের পক্ষ থেকে কানাডার সাবেক প্রধানমন্ত্রী পিয়েরে এলিয়ট ট্রুডোকে মরণোত্তর সম্মাননা প্রদানের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছেন কানাডার বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজস্ব পেজে শেখ হাসিনার সঙ্গে ছবিসহ ট্রুডো ছোট একটি বার্তা পোস্ট করেন। পোস্টে তিনি লিখেছেন, ‘আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে এবং আমার বাবার পক্ষ থেকে বাংলাদেশি ‘ফ্রেন্ডস অব লিবারেশন ওয়ার অনার’ গ্রহণ করে অত্যন্ত আনন্দিত।’
বাংলাদেশের মুক্তিযুদ্ধে সমর্থন দেয়ার জন্য গত শুক্রবার কানাডার মন্ট্রিলে হায়াত রিজেন্সি হোটেলে দ্বিপাক্ষিক বৈঠক শেষে পিয়েরে ট্রুডোকে মুক্তিযুদ্ধ সম্মাননা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পিয়েরে ট্রুডোর ছেলে এবং কানাডার বর্তমান প্রধানমন্ত্রী হিসেবে জাস্টিন ট্রুডো সম্মাননাটি গ্রহণ করেন।
পঞ্চম গ্লোবাল ফান্ড রিপ্লেনিশমেন্ট কনফারেন্সে যোগ দিতে গত ১৬ সেপ্টেম্বর কানাডা পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কানাডা সফর শেষে রোববার যুক্তরাষ্ট্রে যান তিনি।








