ফ্রান্সের প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে প্রথম রাউন্ড নির্বাচনে কট্টর ডানপন্থি প্রার্থী মারিন লা পেনকে দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন দেওয়ার ঘোষণার পর ফ্যাসিজমবিরোধী কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে।
স্থানীয় সময় রাত ৯ টায় বিক্ষোভকারীরা রাস্তায় নেমে আসে। কিছু বিক্ষোভকারী সেসময় দোকানের জানালা, বাস এবং পুলিশের গাড়ীর জানালা ভেঙ্গে ফেলে।
পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছুড়েছে। পরে প্লেস ডে লা বাস্তিল এর চারপাশে পুলিশের সঙ্গে সংঘর্ষ বেঁধে যায়। কয়েকশ বিক্ষোভকারীকে পুলিশের দিকে বোতল ও আগুন ছুড়তে দেখ যায়।
বিক্ষোভকারীরদের একজন মারিন লা পেন এবং এম্যানুয়েল মাক্রোঁকে উদ্দেশ্য করে বলেন, ফলাফল যাই হোক না কেন আমরা তাদের স্বীকৃতি দেবো না।
বিক্ষোভকারীদের বেশির ভাগ ছিলো কালো টুপি এবং কালো কাপড় পরা।
উল্লেখ্য, ২৩ এপ্রিল প্রথম রাউন্ড ভোটের ফলাফলে ৯৬ শতাংশ ভোট পড়েছে। তার মধ্যে সাবেক অর্থমন্ত্রী এবং সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট প্রার্থী এম্যানুয়েল মাক্রোঁ পেয়েছেন ২৩.৯ শতাংশ এবং কট্টর ডানপন্থি মারিন লা পেন ২১.৪ শতাংশ। নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মধ্য থেকে প্রথম রাউন্ডে সবচেয়ে বেশী ভোট পাওয়া দু’জন প্রার্থী দ্বিতীয় রাউন্ডের ‘রানঅফ ভোট’ এর জন্য লড়বেন।










