রাশিয়ায় যখন গ্রিজম্যান, এমবাপে, পগবারা বেলজিয়ামের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে, তখন জয়ের প্রার্থনা চলেছে প্যারিসে। স্যামুয়েল উমতিতি গোল করতেই উচ্ছ্বাসের বাঁধ ভাঙে। তার হাত ধরেই তৃতীয়বার বিশ্বকাপের ফাইনালে পৌঁছায় ফ্রান্স।
দল জেতার পর পরই রাজধানী প্যারিসসহ বিভিন্ন শহর-গ্রামের রাস্তায় নেমে পড়েন লাখ লাখ ফুটবলভক্ত। মশাল জ্বালিয়ে, নাচ-গান করে ফাইনালে পৌঁছানোর আনন্দে মেতে ওঠেন তারা। তবে জয় উদযাপন করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন অন্তত ৩০ জন ফরাসি ফুটবলভক্ত।
আহতের ঘটনা নিস শহরের। সেমিফাইনালের লড়াই দেখার জন্য রাস্তায় জড়ো হয়েছিলেন দর্শকরা। ফ্রান্সের জয়ের সঙ্গে সঙ্গেই আতসবাজি ফাটতে শুরু করে।
তবে আচমকা বিকট শব্দে ভয় পেয়ে যান তারা। বিস্ফোরণ এবং গুলি চলার আওয়াজ ভেবে এদিক-ওদিক দৌড়তে শুরু করেন সবাই। আর তখনই পদপিষ্ট হয়ে আহত হন ৩০ জন। ঘটনাস্থলে পৌঁছায় ছয়টি অ্যাম্বুলেন্স। সেখানেই আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
সমর্থকদের উদযাপনের জেরে রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পথে নামে পুলিশ। টিয়ার গ্যাস ব্যবহার করে সমর্থকদের শান্ত করা হয়।







