এসএসসি পরীক্ষার সময় ফেসবুক বন্ধ রাখা না রাখার বিষয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, এটা তো কঠিন বিষয়। তা আমাদের হাতে নেই। বিটিআরসি এই বিষয়ে সিদ্ধান্ত নিবে। তারাই অবস্থা বুঝে ব্যবস্থা নিবে।
আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। বুধবার দুপুরে সচিবালয়ে এই পরীক্ষা নিয়ে তথ্য জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করে শিক্ষা মন্ত্রণালয়। সেখানে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী আরো বলেন, নকলমুক্ত পরিবেশে এবছর এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা হবে শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে। প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের ধরিয়ে দেয়ার আহ্বানও জানান তিনি।
প্রশ্নফাঁসরোধে পদক্ষেপগুলোর কথা জানিয়ে নাহিদ বলেন, পরীক্ষা শুরুর আধঘণ্টা আগে পরীক্ষার্থীকে হলে প্রবেশ করতে হবে। এবং আধঘণ্টা আগে প্রশ্নপত্র খোলা হবে।
আইন করে কোচিং সেন্টার বন্ধ করার জন্য কাজ করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, অভিভাবকদের আহ্বান জানাই যারা প্রশ্নপত্র ফাঁস করে তাদের ধরিয়ে দিন।
গতবারের তুলনায় এবছর পরীক্ষার্থী সংখ্যা বেড়েছে বলেও সংবাদ সম্মেলনে জানান শিক্ষামন্ত্রী।








